বীরসা মুন্ডার জন্মজয়ন্তীকে সামনে রেখে ছয় দফা দাবি,মন্ত্রীর হাতে স্মারকলিপি

বীরসা মুন্ডার জন্মজয়ন্তীকে সামনে রেখে ছয় দফা দাবি,মন্ত্রীর হাতে স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা : আগামী ১৫ নভেম্বর ভগবান বীরসা মুন্ডার জন্মজয়ন্তী। এই বিশেষ দিনটিকে সামনে রেখে বননির্ভর আদিবাসী ও অন্যান্য পরম্পরাগত বনবাসী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সরব হলো বনাধিকার মোর্চা গ্রামসভা মোর্চা, ঝাড়গ্রাম। বনাধিকার আইন, ২০০৬ অনুযায়ী বনবাসী মানুষের ন্যায্য অধিকার সুনিশ্চিত করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে ছয় দফা দাবিসম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হলো স্থানীয় বিধায়ক তথা প্রতিমন্ত্রী অমিয় কিস্কুর হাতে।শুক্রবার নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানি বিধায়ক কার্যালয়ে গিয়ে ২০ জনের একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রী অমিয় কিস্কুর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের হাতে স্মারকলিপিটি তুলে দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তা পৌঁছে দেওয়ার আবেদন জানান প্রতিনিধিরা।বনাধিকার মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, ভগবান বীরসা মুন্ডার জন্মজয়ন্তীতে তাঁকে প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে বননির্ভর আদিবাসী এবং অন্যান্য পরম্পরাগত বনবাসী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা জরুরি। সেই লক্ষ্যেই বনাধিকার আইন, ২০০৬-এর যথাযথ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।স্মারকলিপিতে উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হলো, প্রতিটি পরম্পরাগত জঙ্গল অধ্যুষিত বসতিতে বনাধিকার আইন অনুযায়ী নিজস্ব গ্রামসভা গঠন এবং সেই গ্রামসভার সরকারি স্বীকৃতি প্রদান।

পাশাপাশি বনবাসী মানুষের আইনস্বীকৃত অধিকার প্রতিষ্ঠা ও বনাধিকার আইনের যথাযথ প্রয়োগের বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মোর্চার সম্পাদক বাবুলাল প্রামাণিক, সভাপতি সুরেন্দ্রনাথ হাঁসদা, পরিচালক তথা বনাধিকার আন্দোলনের বিশিষ্ট সমাজকর্মী ঝর্ণা আচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন নয়াগ্রাম ব্লক কমিটির সহ-সম্পাদক মন্টু মুর্মু, সভাপতি বাপী সরেন, সহ-সম্পাদক তপন সিং, আইনি উপদেষ্টা তথা আইনজীবী শান্তনু চক্রবর্তী-সহ অন্যান্য সদস্য ও প্রতিনিধিরা।বীরসা মুন্ডার আদর্শ, সংগ্রাম এবং বনভূমির অধিকার রক্ষার ঐতিহাসিক লড়াইকে স্মরণ করে বনবাসী মানুষের সাংবিধানিক ও আইনগত অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। এবার রাজ্য সরকার এই ছয় দফা দাবির পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে বনাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষজন।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n