মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!

সেখ ওয়ারেশ আলী : মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সাব্বিরের বাড়িকে কেন্দ্র করেই চলত এই মাদক কারবার। অভিযোগ, ওই বাড়িতে বসেই ১ থেকে ২ গ্রাম ওজনের ছোট ছোট পুরিয়া তৈরি করা হত। পরে সেগুলি বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হতো। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকাকে কেন্দ্র করে মাদক কেনাবেচার একটি চক্র সক্রিয় ছিল।পুলিশি অভিযানের পর ধৃত দু'জনকে আদালতে পেশ করা হলে তদন্তের স্বার্থে তাঁদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই মাদক কারবারের মূল উৎস, চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের পরিচয় এবং পাচার নেটওয়ার্কের বিস্তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

অন্যদিকে, জেলা পুলিশের এই বড়সড় সাফল্য নিয়ে সাংবাদিক বৈঠক করেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা। সেখানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য, নগদ টাকা ও রুপোর গয়না এবং ধৃতদের সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।সব মিলিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় এই মাদকবিরোধী অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদক এবং পাচারচক্রের কার্যকলাপ সামনে আসায় শহরে মাদক কারবারের বিস্তার নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। এখন তদন্তে এই চক্রের পিছনে থাকা আরও বড় মাথাদের নাম সামনে আসে কি না, সেদিকেই নজর রয়েছে।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n