নিজস্ব সংবাদদাতা : বিধানসভা নির্বাচনের ঘোষণা হতেই রাজ্যের প্রশাসনে বড়সড় রদবদল শুরু করল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে কলকাতার পুলিশ কমিশনার— একাধিক গুরুত্বপূর্ণ পদে বদল আনা হয়েছে। কমিশনের এই পদক্ষেপকে আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার প্রচেষ্টা হিসেবেই দেখছেন রাজনৈতিক মহল। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে রাজ্যের ডিজিপি পদে। বর্তমান ডিজিপি পীযূষ পাণ্ডেকে সরিয়ে নতুন ডিজিপি হিসেবে নিয়োগ করা হয়েছে সিদ্ধনাথ গুপ্তকে। তিনি ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার এবং তাঁকে ডিজি ও আইজিপি (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার পদেও পরিবর্তন করা হয়েছে। এই পদ থেকে সুপ্রতিম সরকারকে সরিয়ে নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস অফিসার অজয় নন্দকে। ১৯৯৬ ব্যাচের এই কর্মকর্তা এর আগে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ছিলেন। মাওবাদী দমনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এছাড়াও তিনি আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার হিসেবেও কাজ করেছেন এবং কলকাতা পুলিশেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পশ্চিমবঙ্গ এসটিএফ-এর প্রথম আইজি হিসেবেও নিযুক্ত হয়েছিলেন তিনি। রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) পদেও পরিবর্তন করা হয়েছে। এই পদে থাকা বিনীত গোয়েলকে সরিয়ে নতুন এডিজি ও আইজিপি (আইনশৃঙ্খলা) হিসেবে নিয়োগ করা হয়েছে ১৯৯৫ ব্যাচের আইপিএস অফিসার অজয় মুকুন্দ রানাডেকে। অন্যদিকে ডিজি (কারা) পদে নিয়োগ করা হয়েছে ১৯৯১ ব্যাচের আইপিএস অফিসার নটরাজন রমেশ বাবুকে। এর আগেই রবিবার রাতে নির্বাচন কমিশন রাজ্যের প্রশাসনে আরও কিছু গুরুত্বপূর্ণ বদলের সিদ্ধান্ত জানায়। রাজ্যের মুখ্যসচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে সেখানে নিয়োগ করা হয়েছে দুষ্মন্ত নারিওয়ালাকে। একইসঙ্গে স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনাকেও সরিয়ে নতুন স্বরাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সংঘমিত্রা ঘোষকে। সোমবার সকালেই এই প্রশাসনিক রদবদলের তালিকা আরও দীর্ঘ হয়।
ভোটের আগে — বদলে গেলেন ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনারসহ একাধিক শীর্ষকর্তা!