নিজস্ব সংবাদদাতা: ভোট পর্ব শেষ হলেও সতর্কতায় কোনও খামতি রাখতে নারাজ রাজ্য প্রশাসন। ‘ভয়মুক্ত’ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল লোক ভবন। রাজ্যপাল R. N. Ravi-র নির্দেশে চালু থাকা হেল্পলাইনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হল আগামী ১০ মে পর্যন্ত।সোমবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাগরিকদের সরাসরি সহায়তা পৌঁছে দিতে ২৪ ঘণ্টা চালু থাকবে এই হেল্পলাইন পরিষেবা। ভোট-পূর্ব থেকে শুরু করে ভোট-পরবর্তী পর্যায়ে সম্ভাব্য হিংসা, ভয়-ভীতি প্রদর্শন বা অনিয়ম সংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ এবং তার সমাধান করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।উল্লেখ্য, প্রথম দফার ভোটের আগেই এই হেল্পলাইন চালু করেছিলেন রাজ্যপাল। দ্বিতীয় দফার ভোট চলাকালীন যেমন এই পরিষেবা সক্রিয় ছিল, তেমনই ভোট মিটলেও সাধারণ মানুষের পাশে থাকতে তা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, প্রতিটি অভিযোগ সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।রাজ্যপাল বরাবরই হিংসামুক্ত নির্বাচনের পক্ষে সওয়াল করে এসেছেন। তাঁর এই উদ্যোগ সেই বার্তাকেই আরও জোরদার করেছে। যাতে সাধারণ মানুষ কোনও ভয়-ভীতি ছাড়াই নিজেদের সমস্যা বা আশঙ্কার কথা জানাতে পারেন, সেই লক্ষ্যেই এই পরিষেবা চালু রাখা হয়েছে।বিশেষজ্ঞদের মতে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর যে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ উঠেছিল, তার প্রেক্ষিতে এ বার প্রশাসন আগাম সতর্ক। তাই ভোট মিটলেও নজরদারি বজায় রাখার এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।লোক ভবনের তরফে জানানো হয়েছে, নাগরিকেরা একাধিক নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন—
📞 ০৩৩-২২০০ ১০২২ / ১০২৩ / ১০২৫ / ১০২৬ / ১০২৭ / ১০২৮ / ১০২৯ / ১০৩২ / ১০৩৬
📧 ই-মেল: lokbhavanbengalhelpline@gmail.com
প্রসঙ্গত, এর আগেও পঞ্চায়েত ভোট ও ২০২৪ লোকসভা নির্বাচনের সময় ‘শান্তিকক্ষ’ চালু করে নজর কেড়েছিল লোক ভবন। সেই ধারাবাহিকতাতেই এ বারও সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থাকে অগ্রাধিকার দিচ্ছে প্রশাসন।