দাঁতনে নিষিদ্ধ শব্দবাজি ও বিস্ফোরক নিষ্ক্রিয়, বোম স্কোয়াডের তৎপরতায় বড়সড় সাফল্য পুলিশের!

দাঁতনে নিষিদ্ধ শব্দবাজি ও বিস্ফোরক নিষ্ক্রিয়, বোম স্কোয়াডের তৎপরতায় বড়সড় সাফল্য পুলিশের!

সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুরের দাঁতনে নিষিদ্ধ শব্দবাজি ও বিস্ফোরক উদ্ধারের পর সেগুলি নিরাপদে নিষ্ক্রিয় করল দাঁতন থানার পুলিশ ও বোম স্কোয়াড। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি ও বিস্ফোরক পদার্থ নিষ্ক্রিয়করণ ঘিরে শনিবার ২২ আগস্ট নদীপাড়ের এলাকায় জোরদার করা হয় পুলিশি নিরাপত্তা।কয়েকদিন আগে গোপন সূত্রে খবর পেয়ে দাঁতন থানার অন্তর্গত তুরকা গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি জায়গা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি ও বিস্ফোরক পদার্থ উদ্ধার হয়। এরপর সেগুলি যাতে কোনওভাবে সাধারণ মানুষের জন্য বিপজ্জনক না হয়ে ওঠে, তা নিশ্চিত করতে নিরাপদে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়।

২২ আগস্ট শনিবার উদ্ধার হওয়া সমস্ত নিষিদ্ধ শব্দবাজি ও বিস্ফোরক পদার্থ দাঁতনের গরদপুর এলাকার সুবর্ণরেখা নদীর পাড়ের একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। দাঁতন থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে বোম স্কোয়াডের বিশেষজ্ঞ দল নির্দিষ্ট নিরাপত্তা বিধি মেনে সেগুলি নিষ্ক্রিয় করে।

নিষ্ক্রিয়করণের সময় যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নদীপাড়ের বিস্তীর্ণ এলাকা ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সাধারণ মানুষের প্রবেশও নিয়ন্ত্রণ করা হয়।নিষিদ্ধ শব্দবাজি ও বিস্ফোরক উদ্ধারের পর দ্রুত সেগুলি নিষ্ক্রিয় করে পুলিশ প্রশাসন বড়সড় বিপদ এড়াতে সক্ষম হয়েছে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে পুলিশের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে সূত্রের খবর।