Skip to content

সেনেগালের ফুটবলে এক যুগের অবসান,আন্তর্জাতিক ফুটবলকে বিদায় সাদিও মানের

নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সেনেগাল জাতীয় ফুটবল দলের অধিনায়ক এবং সৌদি আরবের ক্লাব আল-নাসরের তারকা ফরোয়ার্ড সাদিও মানে। ২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে বেলজিয়ামের কাছে ৩-২ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ‘লায়ন্স অব তেরাঙ্গা’। এরপরই আবেগঘন এক বিবৃতিতে জাতীয় দলের জার্সিতে নিজের দীর্ঘ পথচলার ইতি টানার কথা জানান তিনি।

অবসরের ঘোষণায় মানে বলেন, “দেশের জন্য সবকিছু ত্যাগ করেছি। নিজের সেরাটা উজাড় করে দিয়েছি। মাতৃভূমির জন্য জানপ্রাণ দিয়ে লড়াই করেছি।” একই সঙ্গে তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর খেলায় যদি কখনও কেউ হতাশ হয়ে থাকেন, তবে তাঁকে ক্ষমা করে দেওয়ার আবেদন রইল। ২০১২ সালে সেনেগালের হয়ে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর টানা ১৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে দেশের জার্সিতে ১৩০টি ম্যাচ খেলেছেন মানে। এই সময়ে তিনি করেছেন ৫৪টি গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৯টি গোল। ২০২১ সালের আফ্রিকান কাপ অব নেশনস জয়ে তাঁর অবদান ছিল অনস্বীকার্য, যা সেনেগালের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত।

ক্লাব ফুটবলেও উজ্জ্বল ক্যারিয়ার গড়েছেন মানে। ফরাসি ক্লাব এফসি মেটজে পেশাদার ক্যারিয়ার শুরু করে পরে ইউরোপের অন্যতম সফল ক্লাব লিভারপুলের হয়ে অসাধারণ সাফল্য অর্জন করেন। তাঁর গতি, দক্ষতা ও গোল করার ক্ষমতা তাঁকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সেনেগালের হয়ে অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে সাফল্য এনে দিয়েছেন তিনি। আফ্রিকার অন্যতম সেরা ফুটবলার হিসেবে তাঁর অবদান শুধু সেনেগাল নয়, গোটা মহাদেশের ফুটবল ইতিহাসেও স্মরণীয় হয়ে থাকবে। সাদিও মানের অবসরের মধ্য দিয়ে সেনেগালের ফুটবলে এক গৌরবোজ্জ্বল যুগের অবসান ঘটলেও দেশের ফুটবলের ভবিষ্যৎ গড়ার কাজে তাঁর সম্ভাব্য নতুন ভূমিকার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা।

তিনি জানিয়েছেন, ভবিষ্যতে দেশের ফুটবলের উন্নয়নে নতুন ভূমিকায় কাজ করতে চান। তাঁর কথায়, “আমার অভিজ্ঞতা দেশের সেবায় কাজে লাগাতে চাই। টেকনিক্যাল স্টাফ, কোচিং কিংবা ফুটবল প্রশাসন—যে কোনও ভূমিকায় দেশের পাশে থাকতে চাই।”

Latest