অন্নপূর্ণার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি! বরাকরে রাস্তায় মহিলাদের বিক্ষোভ, অবরোধে উত্তেজনা!

অন্নপূর্ণার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি! বরাকরে রাস্তায় মহিলাদের বিক্ষোভ, অবরোধে উত্তেজনা!

নিজস্ব সংবাদদাতা : অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করার পরও এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকায় ক্ষোভে রাস্তায় নামলেন একদল মহিলা। শনিবার কুলটি থানার অন্তর্গত বরাকরের রামনগর এলাকায় প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যান চলাচলও ব্যাহত হয়।উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী প্রচারে মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রচারে বলা হয়েছিল, লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি অনুযায়ী বহু মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করেন।পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি কুলটির বহু মহিলাও অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন।

আবেদনকারীদের একাংশের দাবি, ইতিমধ্যেই অনেকের অ্যাকাউন্টে টাকা জমা পড়লেও এখনও বহু আবেদনকারী তাঁদের প্রাপ্য অর্থ পাননি। সেই ক্ষোভ থেকেই রামনগর এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন মহিলারা।বিক্ষোভকারীদের অভিযোগ, সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করার পরও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে জানতে চেয়েও তাঁরা স্পষ্ট কোনও উত্তর পাচ্ছেন না বলে অভিযোগ। তাঁদের দাবি, আবেদনগুলি দ্রুত যাচাই করে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানোর ব্যবস্থা করতে হবে।রাস্তা অবরোধের জেরে ওই এলাকায় যান চলাচলে প্রভাব পড়ে। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলার একাধিক এলাকায় সম্প্রতি ক্ষোভ ও বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। আবেদনকারীদের দাবি, প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রকৃত যোগ্য মহিলাদের প্রাপ্য টাকা দেওয়ার ব্যবস্থা করুক।