অভিজিৎ সাহা : পূর্ণতীর্থ ভূমি হিসেবে পরিচিত এই সাধক বামদেব আশ্রমের বাৎসরিক উৎসব সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে আশ্রম সংলগ্ন সমস্ত গ্রামবাসীদের অক্লান্ত পরিশ্রম, ঐকান্তিক সাহায্য ও সহযোগিতায়। উৎসব কমিটির অন্যতম সদস্য অমর বিশ্বাস জানান, সোমবার থেকে শুরু হওয়া এই বাৎসরিক উৎসব চলবে মোট তিন দিনের।উৎসবের প্রথম দিন সোমবার সকালে শোভাযাত্রা সহকারে ঘট ডুবিয়ে মায়ের পূজা ও অর্চনার মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয়। একইসঙ্গে ভক্তদের জন্য অন্নভোগ গ্রহণের ব্যবস্থা করা হয়। দ্বিতীয় দিনও পূজা-অর্চনার পাশাপাশি ভক্তদের অন্নভোগ প্রদান করা হয়। উৎসবের তৃতীয় দিনে পূজা ও অর্চনার পাশাপাশি ভক্তদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কীর্তন গানের আয়োজন করা হয়েছে।উৎসব কমিটি সূত্রে জানা গিয়েছে, মায়ের সকল ভক্তদের বিশেষ সহযোগিতায় ও আন্তরিক অংশগ্রহণে এই তিনদিনের মহাযজ্ঞ সম্পন্ন হচ্ছে। তিন দিন মিলিয়ে প্রায় ৫৫ হাজার ভক্তের অন্নভোগ গ্রহণের ব্যবস্থা করেছে আশ্রম কর্তৃপক্ষ।দীর্ঘ ১৮ বছর ধরে রীতিনীতি মেনে সাধক বামদেব ও শ্রী শ্রীঠাকুর দয়ানন্দ মহারাজজীর আশ্রমে ভক্তসমাগম, পূজা-অর্চনা ও অন্নভোগ গ্রহণ অব্যাহত রয়েছে। পাশাপাশি ভক্তদের বিনোদনের জন্য আশ্রমের পক্ষ থেকে মেলারও আয়োজন করা হয়েছে। এই মহৎ ধর্মীয় আশ্রমের বাৎসরিক উৎসবে উপস্থিত থেকে আশ্রম কর্তৃপক্ষ ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো।