নিজস্ব সংবাদদাতা : বুধবার ভারতীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে আলজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রথম ম্যাচ খেলতে মাঠের লড়াইয়ে আর্জেন্টিনার সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম প্রতিপক্ষ আলজেরিয়া, যারা এবার দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে এসেছে। আফ্রিকান বাছাইপর্বে দাপুটে পারফরম্যান্স করে মূল পর্বে জায়গা করে নেওয়া আলজেরিয়া নক-আউট পর্বে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামছে। রিয়াদ মাহরেজের নেতৃত্বে গড়া এই দলটিতে রয়েছে একাধিক উদীয়মান তারকা। বিশেষ নজরে রয়েছেন তরুণ ফরোয়ার্ড ইব্রাহিম মাজা এবং গোলমেশিন মোহাম্মদ আমুরা। ফলে মেসিদের জন্য প্রথম ম্যাচ মোটেও সহজ হবে না বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডন রয়েছে। বিশ্বকাপের নতুন ফরম্যাটে গ্রুপের প্রথম দুই দলের পাশাপাশি সেরা তৃতীয় স্থানাধিকারীরাও পরবর্তী পর্বে উঠবে। তাই শুরু থেকেই প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে সম্ভবত শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে নামছেন লিওনেল মেসি। তাই বিশ্বজুড়ে সমর্থকদের প্রত্যাশা আকাশছোঁয়া। মাঠের বাইরের বিতর্ককে পিছনে ফেলে বিশ্বচ্যাম্পিয়নরা কি জয়ের মাধ্যমে অভিযান শুরু করতে পারবে, সেদিকেই এখন নজর ফুটবলপ্রেমীদের।

উল্লেখ্য, প্রথম ম্যাচ খেলতে নামার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনা। তবে সেই আলোচনা মাঠের ফুটবল নিয়ে নয়, বরং নিজেদের সমর্থকদের বিরুদ্ধে নেওয়া এক নজিরবিহীন প্রশাসনিক সিদ্ধান্তকে ঘিরে। সন্তানের ভরণপোষণের দায়িত্ব পালন না করার অভিযোগে ১৩ হাজারেরও বেশি আর্জেন্টিনা সমর্থকের তথ্য মার্কিন প্রশাসনের হাতে তুলে দিয়েছে বুয়েন্স আইরেস প্রশাসন। আর্জেন্টিনা সরকারের স্পষ্ট বার্তা, যারা নিজেদের সন্তানের দায়িত্ব পালন করেন না, তাদের জন্য বিশ্বকাপের আনন্দ উপভোগের সুযোগও সীমিত হতে পারে। ‘সেফ স্ট্যান্ডস’ প্রকল্পের আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও দীর্ঘদিন চাইল্ড সাপোর্টের অর্থ না দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করে তালিকা তৈরি করা হয়েছে।
