Skip to content

স্টুডিওপাড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, টালিগঞ্জে চাঞ্চল্য!

নিজস্ব সংবাদদাতা : টালিগঞ্জের স্টুডিওপাড়ায় তোলাবাজি ও আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। নিউ আলিপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, টেকনিশিয়ান স্টুডিয়োর সঙ্গে যুক্ত কর্মীদের কাছ থেকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে অর্থ আদায় করা হতো।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিজেন্ট পার্ক এলাকার এক মহিলা মেকআপ শিল্পী স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, গত দু’বছর ধরে কাজ না পাওয়ার পর কাজের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছে টাকা দাবি করা হয়। অভিযোগ, টাকা দিতে অস্বীকার করায় তাঁকে ভয় দেখানো ও চাপ সৃষ্টি করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে নিউ আলিপুর থানার পুলিশ।তদন্তে উঠে এসেছে, একাধিক ব্যক্তির কাছ থেকে কাজ পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগ রয়েছে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। পাশাপাশি অস্ত্র আইনের ধারাতেও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পর স্টুডিওপাড়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায়। শিল্পী, টেকনিশিয়ান ও বিভিন্ন সংগঠনের সদস্যদের একাংশ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে টালিগঞ্জের বিনোদন জগতে প্রভাব খাটিয়ে কাজের সুযোগকে কেন্দ্র করে আর্থিক লেনদেন ও তোলাবাজির পরিবেশ তৈরি করা হয়েছিল। তাঁদের দাবি, বহু মানুষ কাজের আশায় অর্থ দিয়েও প্রতারিত হয়েছেন।বর্তমানে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই অভিযোগের সঙ্গে আর কারা জড়িত থাকতে পারেন এবং আর্থিক লেনদেনের পরিমাণ কতটা বিস্তৃত ছিল।

Latest