নিজস্ব সংবাদদাতা : ১৩ই এপ্রিল, সোমবার আসানসোলের হীরাপুর থানার করিম ডাঙ্গাল এলাকায় বাড়ি বাড়ি প্রচার সেরে বেরোনোর সময় বিজেপির মহিলা কর্মীদের উপর রাজনৈতিক হামলার অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রচারের সময় বাসিন্দাদের নাম, ফোন নম্বর সংগ্রহ এবং ছবি তোলাকে কেন্দ্র করে প্রথমে বচসার সূত্রপাত হয়। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় যুবক প্রেম ঠাকুর বিজেপি কর্মীদের কাজে বাধা দেন বলে অভিযোগ। বিজেপির দাবি, ওই যুবক তৃণমূলের ঘনিষ্ঠ কর্মী।বিতণ্ডা চলাকালীন স্থানীয় এক বিজেপি নেত্রীর ছেলে ঘটনাস্থলে পৌঁছনোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় তিনি জখম হন। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে শিল্পাঞ্চলের এই গুরুত্বপূর্ণ এলাকায়।ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছে যান আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী Agnimitra Paul। তিনি ঘটনার তীব্র নিন্দা করে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মহিলা কর্মীদের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তোলেন। তাঁর দাবি, ভোটের আগে বিরোধী শিবিরকে ভয় দেখাতে এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে। আসানসোল দক্ষিণ কেন্দ্র এমনিতেই এবারের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে।অন্যদিকে, সমস্ত অভিযোগ খারিজ করে অভিযুক্ত প্রেম ঠাকুরের বাবার দাবি, তাঁর ছেলে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়।

বরং তিনি মানসিকভাবে অসুস্থ এবং একটি সামান্য ঘটনাকে বিজেপি রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে বলেই অভিযোগ পরিবারের।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হীরাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। নির্বাচন যত এগিয়ে আসছে, শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে এ ধরনের সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে পশ্চিম বর্ধমানের একাধিক জায়গায় রাজনৈতিক সংঘর্ষের খবর সামনে এসেছে, যা সেই আশঙ্কাকেই আরও জোরদার করছে।