Skip to content

“পুলিশের রিভলভার কেড়ে নেওয়ার চেষ্টা! একবালপুরকাণ্ডে এফআইআরে বিজেপি প্রার্থী রাকেশ”

নিজস্ব সংবাদদাতা: কলকাতার একবালপুরে রাজনৈতিক সংঘর্ষ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। পুলিশের কাজে বাধা, সার্ভিস রিভলভার কেড়ে নেওয়ার চেষ্টা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক অভিযোগে দায়ের হল তিনটি এফআইআর। তার মধ্যে দু’টিতে নাম জড়িয়েছে কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী Rakesh Singh-এর।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে একবালপুর থানার সামনে অশান্তির সময় কর্তব্যরত এক পুলিশকর্মীর কাছ থেকে তাঁর সার্ভিস রিভলভার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছে পুলিশ। সেই মামলাতেই নাম রয়েছে রাকেশ সিংহের। পাশাপাশি, একই ঘটনার আরও একটি এফআইআরেও তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায়। একবালপুরের হোসেন শাহ রোডে বিজেপির একটি পথসভা চলাকালীন অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা স্লোগান দিতে শুরু করেন। পাল্টা স্লোগান দেয় বিজেপিও। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাকেশ সিংহ। বিজেপির দাবি, তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান তোলা হয়।এরপর রাকেশের নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকেরা একবালপুর থানার সামনে জড়ো হয়ে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভে বসেন। কিছুক্ষণের মধ্যেই তৃণমূল সমর্থকেরাও সেখানে উপস্থিত হয়ে পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করেন। দুই পক্ষের মধ্যে স্লোগান, পাল্টা স্লোগান থেকে শুরু হয়ে হাতাহাতির অভিযোগও ওঠে।বিজেপির তরফে দাবি করা হয়েছে, এই সংঘর্ষে আক্রান্ত হন রাকেশ সিংহ এবং তাঁকে রাতে হাসপাতালে ভর্তি করাতে হয়। অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।মঙ্গলবার সকাল থেকেই থমথমে রয়েছে একবালপুর এলাকা। ইতিমধ্যেই এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দায়ের হওয়া তিনটি এফআইআরের মধ্যে দু’টিতে রাকেশের নাম থাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ জানিয়েছে, পুলিশের কাজে বাধা, অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা এবং ভাঙচুর-সহ সমস্ত অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, বিজেপির পক্ষ থেকেও একটি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে, যেখানে রাকেশকে বাধা দেওয়া ও বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ আনা হয়েছে।সব মিলিয়ে, নির্বাচনের মুখে একবালপুরের এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল।

Latest