Skip to content

কালীঘাট তৃণমূলের প্রতিবাদ মিছিলে হাজরায় 'চোর চোর' স্লোগান ঘিরে তুমুল উত্তেজনা, চড় মারার অভিযোগে বিতর্ক!

ছবি সমাজ মাধ্যম থেকে নেওয়া।

অভিজিৎ সাহা: বারুইপুর গণধর্ষণ ও খুন-কাণ্ডের প্রতিবাদে বুধবার কালীঘাট তৃণমূল কংগ্রেসের ডাকা মিছিলকে কেন্দ্র করে হাজরা এলাকায় উত্তেজনা ছড়ায়। কলকাতা হাই কোর্টের শর্তসাপেক্ষ অনুমতি নিয়ে বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল শুরু হলেও কিছুদূর এগোতেই 'চোর চোর' স্লোগান এবং রাস্তার একপাশ থেকে 'মাছ চোর' গান বাজানোকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিল চলাকালীন উভয় পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে ধস্তাধস্তিতে রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালীঘাট তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকেরা পরিকল্পিতভাবে মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং উসকানিমূলক স্লোগান ও গান বাজিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। তবে এই অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই সময় ভিড় নিয়ন্ত্রণের চেষ্টায় এক ব্যক্তিকে চড় মারতে দেখা যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রাথমিকভাবে জানা গিয়েছে,ওই ব্যক্তি তৃণমূলেরই এক কর্মী। উল্লেখ্য, বারুইপুর গণধর্ষণ ও খুন মামলার প্রতিবাদে এই মিছিলের অনুমতি চেয়ে মঙ্গলবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। আদালত নির্দিষ্ট শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দেয়। এদিকে, মিছিল চলাকালীন এক ব্যক্তিকে চড় মারার দৃশ্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে। তবে ওই ব্যক্তিকে কেন চড় মারা হয়েছিল, সে বিষয়ে এখনও তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

আহত তৃণমূল কর্মী।

Latest