নিজস্ব সংবাদদাতা : তৃণমূল কংগ্রেসের হয়ে বিধানসভা নির্বাচনে লড়তে চলেছেন—এমন গুঞ্জন ঘিরে বেশ কিছুদিন ধরেই চর্চার কেন্দ্রে ছিলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। এমনকি উত্তরপাড়া কেন্দ্র থেকেই তিনি প্রার্থী হতে পারেন বলেও জোর জল্পনা ছড়িয়েছিল। সেই গুঞ্জনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় একের পর এক কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মান পাওয়ার পরও তাঁকে শুনতে হয়েছিল কুরুচিকর মন্তব্য—অনেকে দাবি করেছিলেন, নাকি রাজনৈতিক কারণে এই পুরস্কার!তবে মঙ্গলবার সব জল্পনার অবসান। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর স্পষ্ট হয়ে যায়, এবারের নির্বাচনে ইমন প্রার্থী হচ্ছেন না।

এরপরই সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।একটি ব্যঙ্গাত্মক পোস্টে ইমন লেখেন, “গত কয়েক মাস ধরে আপনারা আমাকে নানা জায়গায় দাঁড় করিয়েছেন—উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বালি, সিমেন্ট, আমতলা, জামতলা—এমনকি কেওড়াতলাতেও! এবার হাতজোড় করে অনুরোধ, প্লিজ আমাকে নিজের পায়ে দাঁড়াতে দিন।”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে ইমনের সম্পর্ক দীর্ঘদিনের এবং অত্যন্ত আন্তরিক। গায়িকা নিজেই বহুবার জানিয়েছেন, ‘দিদি’ তাঁর কাছে মাতৃসমা। যদিও রাজনীতিতে সক্রিয় না হলেও তাঁর প্রতি শ্রদ্ধা অটুট।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্যে মানসিকভাবে আঘাত পেয়ে কিছুটা বিরতি নেওয়ার কথাও ভেবেছিলেন ইমন। তবে জানা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ ও আশ্বাসেই তিনি আবার স্বাভাবিক ছন্দে ফিরছেন। নেতিবাচকতা এড়িয়ে নিজের কাজে মন দেওয়ার বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী।সব মিলিয়ে, রাজনৈতিক ময়দান থেকে আপাতত দূরেই থাকছেন ইমন চক্রবর্তী। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই নির্বাচনে তাঁকে প্রার্থী হিসেবে দেখা যাবে না। আপাতত সঙ্গীত এবং ব্যক্তিগত জীবনই তাঁর একমাত্র অগ্রাধিকার।