Skip to content

মেদিনীপুরে পথপশুদের জন্য বড় পদক্ষেপ! সাংসদ তহবিলে আশ্রয়কেন্দ্র ও পশু অ্যাম্বুলেন্সের উদ্বোধন, সামনে জুন মালিয়া!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী :  মেদিনীপুরে পথকুকুর ও অসহায় প্রাণীদের সুরক্ষায় শুরু হল এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। সাংসদ জুন মালিয়া-র সাংসদ তহবিলের সহযোগিতায় পথপশুদের জন্য আশ্রয়স্থল এবং পশু অ্যাম্বুলেন্স পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হল ২৮ ফেব্রুয়ারি, শনিবার বিকেলে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পালবাড়ি শিশু সমাধিসৌধের নিকটে, যেখানে উপস্থিত ছিলেন শহরের বহু পশুপ্রেমী।উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন চেয়ারম্যান সোমেন খান, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সারেঙ্গী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং বিশিষ্ট ব্যক্তিরা। নতুন এই পরিষেবার মাধ্যমে আহত বা অসুস্থ পথপশুদের দ্রুত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স সুবিধা মিলবে, পাশাপাশি আশ্রয়কেন্দ্রে তাদের নিরাপদ থাকার ব্যবস্থাও থাকবে।

শহরে দিন দিন বাড়ছে পথপশুর সংখ্যা। তার সঙ্গে বাড়ছে মানুষ ও পশুর মধ্যে সংঘাতও। একাংশ মানুষ পথের কুকুর-বেড়ালদের দেখভাল করাকে মানবিক দায়িত্ব বলে মনে করেন। অন্যদিকে আরেক অংশ তাদের উপদ্রব হিসেবেই দেখেন। কিন্তু উদ্বেগের বিষয়, কিছু ক্ষেত্রে এই বিরোধ চরম নিষ্ঠুরতায় পরিণত হচ্ছে।সোশ্যাল মিডিয়ায় প্রায়ই উঠে আসছে নিরীহ প্রাণীদের উপর নৃশংস অত্যাচারের ছবি ও ভিডিও।

সারমেয়দের উপর যৌন নির্যাতন, গরু-ছাগলের উপর অত্যাচার, গর্ভবতী কুকুরকে পিটিয়ে হত্যা, কুকুরছানাদের বস্তাবন্দি করে ফেলে দেওয়া, গরম জল ঢেলে দেওয়া, বিষমিশ্রিত খাবার খাইয়ে মারা বা অ্যাসিড হামলার মতো ঘটনা বারবার সামনে আসছে। এই পরিস্থিতিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের তরফে উদ্যোগ নেওয়ার দাবি দীর্ঘদিনের।নতুন এই আশ্রয়কেন্দ্র ও পশু অ্যাম্বুলেন্স পরিষেবা সেই প্রেক্ষাপটেই বড় পদক্ষেপ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। উদ্যোগটি কার্যকরভাবে বাস্তবায়িত হলে পথপশুদের সুরক্ষার পাশাপাশি শহরে সহাবস্থানের পরিবেশও আরও সুস্থ ও মানবিক হয়ে উঠবে—এমনটাই আশা সংশ্লিষ্ট মহলের।

Latest