Skip to content

বিহারের নালন্দায় রাস্তায় যুবতীকে হেনস্তার অভিযোগ, গণধর্ষণের চেষ্টায় গ্রেপ্তার ২; ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য!

নিজস্ব সংবাদদাতা : বিহারের নালন্দা জেলায় এক বিবাহিত যুবতীকে প্রকাশ্য রাস্তায় হেনস্তা ও গণধর্ষণের চেষ্টার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি গত ২৬ মার্চ ঘটলেও, সোমবার ও মঙ্গলবার সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তেই নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে।সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা যুবতী বাড়ির কাছেই নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যার সময় আচমকাই তিন যুবক তাঁকে ঘিরে ধরে বলে অভিযোগ। অভিযোগ, তাঁকে জোর করে রাস্তার মাঝখানে টেনে এনে শ্লীলতাহানি করা হয় এবং গণধর্ষণের চেষ্টা চালানো হয়।

অভিযুক্তরা সকলেই ওই যুবতীর পূর্বপরিচিত বলে জানা গেছে।যুবতীর পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর দুই সন্তান রয়েছে। স্বামী মহারাষ্ট্রের নাসিকে কর্মসূত্রে থাকেন। ঘটনার দিন তিনি একাই বাড়ি ফিরছিলেন। সেই সুযোগেই এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।সবচেয়ে উদ্বেগজনক বিষয়, ঘটনাস্থলে ভিড় জমলেও কেউই যুবতীকে রক্ষা করতে এগিয়ে আসেননি বলে অভিযোগ। বরং কয়েকজন ঘটনাটি মোবাইলে রেকর্ড করতে ব্যস্ত হয়ে পড়েন। পরে সেই ৪২ সেকেন্ডের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।ঘটনার পরদিন, ২৭ মার্চ, নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানিয়েছেন, এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তিনি তীব্র মানসিক অবসাদ ও আতঙ্কে ভুগছেন।অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের চিহ্নিত করে ধরার চেষ্টা চলছে।পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তকারীদের দাবি, ভাইরাল ভিডিওটিকেও গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে।

Latest