অভিজিৎ সাহা : আলুর ন্যায্য দামের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি । বুধবার বিকেলে চন্দ্রকোনা রোড চৌরাস্তায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় কৃষকদের সমস্যাকে সামনে রেখে বিজেপি নেতা-কর্মীরা রাস্তায় আলু ফেলে অবরোধ গড়ে তোলেন এবং বিক্ষোভ দেখান।বিক্ষোভকারীদের দাবি, বর্তমানে বাজারে আলুর যে দাম পাওয়া যাচ্ছে তা উৎপাদন খরচের তুলনায় অনেকটাই কম। বীজ, সার, কীটনাশক, সেচ এবং শ্রমিকের খরচ মিলিয়ে বিঘা প্রতি আলু চাষে বিপুল ব্যয় হচ্ছে।

কিন্তু বাজারে সেই অনুযায়ী দাম না পাওয়ায় চাষিরা আর্থিক সঙ্কটে পড়ছেন।বিজেপির অভিযোগ, রাজ্য সরকারের নীতির কারণেই আলুচাষীরা ক্ষতির মুখে পড়ছেন। তাঁদের দাবি, আলু বাইরে পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ থাকায় বাজারে সরবরাহ বেড়ে যাচ্ছে, ফলে দাম কমে যাচ্ছে। পাশাপাশি আলুর বস্তার দামও সাম্প্রতিক সময়ে প্রায় দ্বিগুণ হয়েছে বলে অভিযোগ তোলেন আন্দোলনকারীরা।
এ নিয়ে কালোবাজারির অভিযোগও ওঠে। এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌতম কৌরি, মন্ডল সভাপতি পলাশ সেন, বিজেপি নেতা, ধীমান কোলে, রাম সিং, পারিজাত চক্রবর্তী সহ একাধিক বিজেপি নেতা-কর্মী। বিক্ষোভ মঞ্চ থেকে দ্রুত আলুচাষীদের ন্যায্য দাম নিশ্চিত করার দাবি তোলা হয়। পাশাপাশি সমস্যা সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।