Skip to content

স্কুলে রক্তাক্ত তাণ্ডব! অষ্টম শ্রেণির ছাত্রের গুলিতে প্রাণ গেল ৪ জনের

নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ বন্দুক হামলায় রক্তাক্ত হয়ে উঠল তুরস্কের একটি মাধ্যমিক স্কুল। বুধবার সকালে কাহরামানমারাস প্রদেশের একটি স্কুলে অষ্টম শ্রেণির এক ছাত্রের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে তিন ছাত্র এবং এক শিক্ষকের। হামলার পর অভিযুক্ত কিশোরও আত্মঘাতী হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে অভিযুক্ত ছাত্রটি স্কুলব্যাগে একাধিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও ম্যাগাজিন লুকিয়ে স্কুলে ঢোকে। এরপর সে সরাসরি দু’টি শ্রেণিকক্ষে প্রবেশ করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। আচমকা গুলির শব্দে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্কুলজুড়ে। প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে ছাত্রছাত্রী ও শিক্ষকরা। কিন্তু ততক্ষণে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন চারজন।স্থানীয় প্রশাসনের দাবি, নিহতদের মধ্যে তিনজনই নাবালক পড়ুয়া এবং একজন শিক্ষক। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হামলাকারী ওই ছাত্রের বাবা প্রাক্তন পুলিশ কর্তা। তাঁর লাইসেন্সপ্রাপ্ত বন্দুকই চুরি করে স্কুলে নিয়ে আসে ওই কিশোর। কী কারণে সে এমন ভয়াবহ কাণ্ড ঘটাল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। পাশাপাশি পরিবারের সদস্য ও স্কুল কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তুরস্কে স্কুলে এ ধরনের গুলির ঘটনা অত্যন্ত বিরল। ফলে এই নৃশংস হামলার পর গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্কুলে নিরাপত্তা ব্যবস্থা এবং আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Latest