অসুস্থ মিঠুন চক্রবর্তী, হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

অসুস্থ মিঠুন চক্রবর্তী, হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!

নিজস্ব সংবাদদাতা : অসুস্থ হয়ে কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। শুক্রবার সকালে তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বয়সের তোয়াক্কা না করেই বিজেপির হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক প্রচার চালিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। একাধিক নির্বাচনী সভা ও রোড শো-তে অংশ নেন তিনি। প্রচার চলাকালীন একসময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেও কর্মসূচি থেকে সরে দাঁড়াননি এবং প্রচার চালিয়ে যান।মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী নিউটাউনে মিঠুন চক্রবর্তীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। অভিনেতা হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়ার পর শুক্রবার সকালে তিনি হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।