নিজস্ব সংবাদদাতা : অপেক্ষার অবসান। ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর মঞ্চে অবশেষে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ সি-র গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার (ভারতীয় সময় ভোর ৩:৩০ মিনিটে) নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কোর মুখোমুখি হবে কার্লো আনসেলোত্তির দল। বিশ্বকাপ শুরুর আগেই এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে সেলেকাও সমর্থকদের মধ্যে। বিশ্বকাপে যোগ্যতা অর্জনের পথে একসময় চরম সংকটের মুখে পড়েছিল ব্রাজিল। তবে ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনসেলোত্তির হাত ধরে বদলে যায় দলের চেহারা। নতুন উদ্যমে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তারা। দলের অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকারও স্বীকার করেছেন, আনসেলোত্তির আগমনের পর ব্রাজিল শিবিরে ইতিবাচক পরিবর্তন এসেছে।

অ্যালিসনের কথায়, “গত কয়েক বছর আমাদের জন্য কঠিন ছিল। নানা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আনসেলোত্তি আসার পর সবকিছু বদলে গেছে। তাঁর ফুটবল দর্শন পরিষ্কার এবং তিনি খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছেন। ব্রাজিলের কোচ হওয়া হয়তো দেশের রাষ্ট্রপতি হওয়ার থেকেও বেশি চাপের।” অন্যদিকে মরক্কোও এবার বড় স্বপ্ন নিয়েই বিশ্বকাপে এসেছে। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া আফ্রিকার এই দল এবার আরও একধাপ এগিয়ে যেতে চায়। নতুন কোচ মোহাম্মদ ওয়াহবির নেতৃত্বে মরক্কো নিজেদের আর ‘আন্ডারডগ’ ভাবতে রাজি নয়। ম্যাচের আগে ওয়াহবি বলেন, “বিশ্ব ফুটবলে এখন মরক্কোকে অনেক বেশি সম্মান করা হয়। আমরা নতুন এক পর্যায়ে পৌঁছেছি। এখন যেকোনো টুর্নামেন্টে নামলে আমাদের লক্ষ্য থাকবে শিরোপা জয়।”তবে ম্যাচের আগে চোটের কারণে নায়েফ আগুয়ের্দ ও আবদে এজ্জালজুলিকে স্কোয়াড থেকে সরিয়ে দিতে হয়েছে মরক্কোকে, যা দলের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।ফুটবল বিশ্লেষকদের মতে, আনসেলোত্তি ৪-২-৩-১ অথবা ৪-৪-২ ফর্মেশনে দল সাজাতে পারেন। অপরদিকে মরক্কো ৪-৩-৩ ফর্মেশনে মাঠে নামতে পারে। আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজ, সোফিয়ান আমরাবাতদের নিয়ে গড়া মরক্কোর দলও যথেষ্ট শক্তিশালী। বিশ্বকাপের গ্রুপ সি-তে ব্রাজিল ও মরক্কোর পাশাপাশি রয়েছে স্কটল্যান্ড এবং হাইতি। ফলে নকআউটের লড়াইয়ে এগিয়ে থাকতে প্রথম ম্যাচে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দলের কাছেই। এখন দেখার, বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল কি তাদের রাজকীয় প্রত্যাবর্তনের বার্তা দিতে পারে, নাকি মরক্কো আবারও ফুটবল বিশ্বকে চমকে দিয়ে শুরু করবে নতুন এক ইতিহাস।