মীরা ভট্টাচার্যের মৃত্যু নিয়ে ভুয়ো খবর ছড়াতেই ক্ষোভ সুচেতনের, ‘অপপ্রচারকারীদের বিরুদ্ধে হবে এফআইআর’!

মীরা ভট্টাচার্যের মৃত্যু নিয়ে ভুয়ো খবর ছড়াতেই ক্ষোভ সুচেতনের, ‘অপপ্রচারকারীদের বিরুদ্ধে হবে এফআইআর’!

নিজস্ব সংবাদদাতা : অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা মীরাদেবীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেলেও, এর মধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁর শারীরিক অবস্থা নিয়ে একাধিক ভুয়ো খবর। এমনকি তাঁর মৃত্যুর খবরও ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বুদ্ধদেব ও মীরা ভট্টাচার্যের সন্তান সুচেতন ভট্টাচার্য। তাঁর স্পষ্ট বার্তা, অসুস্থ একজন মানুষকে নিয়ে এ ধরনের ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন গুজব ছড়ানো কোনওভাবেই বরদাস্ত করা হবে না। অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাইবার ক্রাইম ও স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলেও জানিয়েছেন তিনি।জানা গিয়েছে, প্রায় দু’সপ্তাহ ধরে পেটের তীব্র যন্ত্রণায় ভুগছিলেন ৭৬ বছর বয়সি মীরা ভট্টাচার্য।

শুক্রবার আচমকা যন্ত্রণা বেড়ে যাওয়ায় তাঁকে কলকাতার উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে।চিকিৎসক দলের মধ্যে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডঃ সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডঃ শাশ্বত চট্টোপাধ্যায় এবং এন্ডোক্রিনোলজিস্ট ডঃ সেমন্তী চক্রবর্তী। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন মীরাদেবী এবং তাঁর শারীরিক অবস্থা বর্তমানে অনেকটাই স্থিতিশীল। প্রয়োজনীয় আরও কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার পর পরিস্থিতি অনুকূল থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ পরিবার। সুচেতন ভট্টাচার্য জানিয়েছেন, তাঁর মা আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন এবং চিকিৎসকেরা নিয়মিত তাঁর শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।সুচেতনের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মীরাদেবীর স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এই ধরনের প্রচারের পিছনে যাঁরা রয়েছেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত সাইবার ক্রাইম ও স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলে তিনি স্পষ্ট করেছেন।

এদিকে, মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি মীরাদেবীর চিকিৎসা ও বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। সূত্রের খবর, চিকিৎসার ক্ষেত্রে প্রশাসনের কোনও ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তা জানানোর জন্য চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।পরিবারের পক্ষ থেকে তাই গুজবে কান না দিয়ে মীরা ভট্টাচার্যের স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের জন্য চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতির উপরই নির্ভর করার আবেদন জানানো হয়েছে।