Skip to content

তিন দশক পরে একই মঞ্চে: মমতাশঙ্কর–তনুশ্রীশঙ্করের নৃত্যে ফিরে এল স্মৃতির আলো!

নিজস্ব সংবাদদাতা :  দীর্ঘ ৩০ বছর পর হঠাৎই একই মঞ্চে মিলিত হলেন মমতাশঙ্কর ও তনুশ্রীশঙ্কর। আগে থেকে কোনও পরিকল্পনা ছিল না, মহড়াও হয়নি—তবু মঙ্গলবার কলকাতার এক অনুষ্ঠানে তাঁদের যুগল নৃত্য যেন দর্শকদের চোখ জুড়িয়ে দিল। নৃত্যশিল্পী ও অভিনেত্রী হিসেবে দুই কিংবদন্তির এই অপ্রত্যাশিত পরিবেশনা মুহূর্তেই হয়ে ওঠে স্মরণীয়।পেশাগতভাবে তাঁরা দু’জনেই প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী ও অভিনেত্রী, আর ব্যক্তিগত জীবনে শঙ্কর পরিবারের সদস্য—ননদ ও বৌদি। এত বছর পর একসঙ্গে মঞ্চে ওঠার অভিজ্ঞতা নিয়ে মমতাশঙ্কর আবেগঘন স্মৃতিচারণ করেন। তিনি জানান,“কী যে ভালো লাগল! ছোটবেলায় আমরা কত নাচের অনুষ্ঠান একসঙ্গে করেছি। ‘রামায়ণ’-এ আমি রাম হয়েছিলাম, বৌদি ছিলেন তাড়কা।”শুধু তাই নয়, একসময় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেতারশিল্পী Ravi Shankar-এর সুরের তালে একাধিকবার একসঙ্গে নেচেছেন তাঁরা।

সেই সব পুরনো দিনের স্মৃতি এদিন বারবার ফিরে আসে উদয়-অমলাশঙ্করের কন্যা মমতাশঙ্করের মনে।এই বিশেষ মুহূর্ত সমাজমাধ্যমে প্রথম ছড়িয়ে দেওয়ার জন্য ভাইঝি শ্রীনন্দা শঙ্করকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। এত বছর একসঙ্গে কাজ না করার কারণ প্রসঙ্গে মমতাশঙ্করের স্পষ্ট বক্তব্য,“আমরা বড় হয়েছি, নিজেদের আলাদা বৃত্ত তৈরি হয়েছে। স্বাধীনভাবে নিজেদের কাজ করেছি।

তাই এতগুলো বছর আর একসঙ্গে কাজ করা হয়নি, এর বাইরে অন্য কোনও কারণ নেই।”জানা গিয়েছে, শহরের একটি সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন মমতাশঙ্কর ও তনুশ্রীশঙ্কর। সেখানেই হঠাৎ মঞ্চ থেকে তাঁদের নাম ঘোষণা করা হয়। মমতাশঙ্কর বলেন,“আগে থেকে কিছুই ঠিক ছিল না। আমরা একসঙ্গে মহড়াও দিইনি। হঠাৎ আহ্বান আসায় মঞ্চে উঠে যাই। দাদা আনন্দশঙ্করের একটি সুরের ছন্দে আমরা নিজেদের মতো করে একসঙ্গে নেচে উঠি।

Latest