Skip to content

বাচ্চার মৃত্যু ঘিরে বিভ্রান্তি, মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে উত্তেজনা

পশ্চিম মেদিনীপুর, সেখ ওয়ারেশ আলী: বাচ্চার মৃত্যু ঘিরে বিভ্রান্তি, মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে উত্তেজনা। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে এক নবজাতকের মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, বাচ্চার মৃত্যু নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। জানা গেছে, মেদিনীপুর সদর ব্লকের পাথরঘাটা এলাকার বাসিন্দা আসমা বিবি গর্ভবতী অবস্থায় মেদিনীপুর শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। সেখানে সন্তানের জন্মের পর নবজাতক অসুস্থ হয়ে পড়লে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে পাঠানো হয়। গত শুক্রবার থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিল নবজাতকটি।

পরিবারের অভিযোগ, এদিন দুপুরে হাসপাতালের পক্ষ থেকে প্রথমে জানানো হয় বাচ্চাটি মারা গেছে। কিন্তু এরপরেও নবজাতকের মা বাচ্চাকে মাতৃদুগ্ধ পান করিয়েছেন বলে দাবি পরিবারের সদস্যদের। পরে আবার বিকেলের দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বাচ্চাটি মারা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তি তৈরি হয় এবং পরিবারের সদস্যরা বাচ্চাকে দেখতে চাইলে তাদের তা দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। এরই প্রতিবাদে মাতৃমা বিভাগের সামনে বিক্ষোভ শুরু করেন পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন। দুপুর থেকেই বাচ্চার মৃত্যু নিয়ে এই বিভ্রান্তিকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে অস্বস্তির পরিবেশ তৈরি হয়। সন্ধ্যার পর থেকে মাতৃমা বিভাগের সামনে দফায় দফায় বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ বিক্ষোভ থামানোর চেষ্টা করলে তাদের সামনেই উত্তেজনা আরও বাড়ে। যদিও এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমানে মাতৃমা বিভাগের সামনে উত্তেজনা বজায় থাকায় এলাকায় পুলিশি প্রহরা জোরদার করা হয়েছে।

Latest