অভিজিৎ সাহা: কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন পাওয়ার পরই নতুন করে বিতর্কে জড়ালেন অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। গত ৩০ জানুয়ারি দায়ের করা তাঁর আগাম জামিনের আবেদনের ভিত্তিতে ১১ ফেব্রুয়ারি আদালত জামিন মঞ্জুর করে। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া দেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়।সম্প্রতি বেনারসের ঘাটে রীতি মেনে হিরণের দ্বিতীয়বার বিয়ের খবর সামনে আসে। অভিযোগ ওঠে, প্রথম স্ত্রীকে আইনি ভাবে ডিভোর্স না দিয়েই তিনি পুনরায় বিবাহ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে অনিন্দিতা চট্টোপাধ্যায় ও তাঁদের মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায় পুলিশের দ্বারস্থ হন এবং অভিযোগ দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই আগাম জামিনের আবেদন করেছিলেন হিরণ।জামিন মঞ্জুর হওয়ার পর অনিন্দিতা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কড়া ভাষায় বলেন, জামিন সাধারণ মানুষ নেয় না, যারা ভুল কাজ করে তারাই নেয়। তিনি দাবি করেন, অভিযোগের ভিত্তি থাকায় পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা নিয়েছে। পাশাপাশি হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরিকেও কটাক্ষ করে তিনি একাধিক মন্তব্য করেন, যা ইতিমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে।অন্যদিকে, আদালতের রায়ে সংযত প্রতিক্রিয়া দেন হিরণ চট্টোপাধ্যায়। তিনি জানান, আদালতের উপর তাঁর পূর্ণ আস্থা ছিল এবং আদালতের নির্দেশ তিনি মেনে চলবেন।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল থেকে বিনোদন জগৎ—সব জায়গাতেই জোর চর্চা শুরু হয়েছে। মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।