নিজস্ব সংবাদদাতা : ভারতীয় ক্রিকেটে নতুন করে বিতর্কের ঝড় উঠল বোর্ডেরই এক অনুষ্ঠানের ভুলে। গত বছর ভারতের ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নেতৃত্বে ছিলেন অধিনায়ক Rohit Sharma। কিন্তু বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য—টেলিভিশনের পর্দায় লেখা হয়েছে, “জয়ী অধিনায়ক, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫” এবং সেই জায়গায় দেখানো হয়েছে Shubman Gill-এর নাম। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে তীব্র সমালোচনা।

সম্প্রতি আয়োজিত Board of Control for Cricket in India (বিসিসিআই)-এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০২৫ ও ২০২৬ সালে আইসিসি ট্রফি জেতা দলগুলিকে সংবর্ধনা দেওয়া হয়। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করা ক্রিকেটারদেরও বিভিন্ন সম্মানে ভূষিত করা হয়। সেই অনুষ্ঠানে যখন শুভমন গিল মঞ্চে পুরস্কার নিতে উঠেছিলেন, তখন বড় পর্দায় তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির ‘জয়ী অধিনায়ক’ হিসেবে দেখানো হয়। যদিও বাস্তবে গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সময় ভারতের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। পরে এক দিনের ক্রিকেটে অধিনায়কত্বে পরিবর্তন এনে শুভমন গিলকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু সেই পরিবর্তনের জেরে পুরনো ইতিহাসই যেন ভুলভাবে তুলে ধরা হল বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রোহিত শর্মা। জানা গিয়েছে, পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। ছিলেন না Virat Kohli-ও। তবে অনুষ্ঠানে শুভমন গিলকে বছরের সেরা ক্রিকেটারের পুরস্কারে সম্মানিত করা হয়। ঘটনার পর থেকেই সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন রোহিতের অনুরাগীরা। অনেকেই অভিযোগ করেছেন, শুভমন গিলকে কৃতিত্ব দিতে গিয়ে বোর্ড ইতিহাসই ভুলভাবে তুলে ধরেছে। কেউ লিখেছেন, “রোহিত শর্মা ভারতের হয়ে দু’টি আইসিসি ট্রফি জিতিয়েছেন, সেই কৃতিত্ব তাঁর কাছেই থাকা উচিত।” আবার কেউ ব্যঙ্গ করে মন্তব্য করেছেন, “সবাই জানত রোহিত অধিনায়ক ছিলেন, বোর্ড নাকি সেই ভুল ভেঙে দিল!” সমাজমাধ্যমে অনেকেই সরাসরি বোর্ডের কাছে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন। তাঁদের বক্তব্য, ইতিহাসকে বিকৃত করা উচিত নয় এবং যাঁর নেতৃত্বে সাফল্য এসেছে, সেই অধিনায়কের নামই সম্মানের সঙ্গে তুলে ধরা উচিত। তবে ঘটনাটি ঘিরে ভারতীয় ক্রিকেট মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক।