Skip to content

যাদবপুরে বুলডোজার অভিযান ঘিরে বিতর্ক, হাই কোর্টে দোকানদারদের মামলা!

অভিজিৎ সাহা:যাদবপুরে দখল করে তৈরি হওয়া দোকান ও নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে রাজনৈতিক ও আইনি লড়াই তীব্র আকার নিয়েছে। রবিবার রাতে প্রশাসনের বুলডোজার অভিযানের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানদাররা। সোমবার বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য-এর এজলাসে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানানো হয়। মঙ্গলবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।প্রশাসনের তরফে দীর্ঘদিনের জবরদখল সরিয়ে এলাকা মুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও, পুনর্বাসনের দাবি তুলে এর বিরোধিতা করেন বাম ও কংগ্রেস সমর্থিত সংগঠনের কর্মীরা। রবিবার রাত থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। রেলপুলিশও গোটা এলাকা ঘিরে ফেলে এবং ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়।পুলিশের পক্ষ থেকে বারবার এলাকা খালি করার আবেদন জানানো হলেও তা মানা হয়নি বলে অভিযোগ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়। ঘটনায় অন্তত ১৩ জন আহত হন বলে জানা গিয়েছে। গ্রেপ্তার করা হয় সৃজন ভট্টাচার্য-সহ একাধিক আন্দোলনকারীকে।এরপর শুরু হয় বুলডোজার অভিযান। একের পর এক অবৈধ দোকান ও নির্মাণ ভেঙে ফেলা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই এলাকা খালি করে দেয় প্রশাসন। হঠাৎ উচ্ছেদের জেরে জীবিকা হারানোর আশঙ্কায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বহু ব্যবসায়ী।এদিকে উচ্ছেদ হওয়া দোকানদারদের পক্ষ থেকে আইনজীবী শামিম আহমেদ কলকাতা হাই কোর্টে বিষয়টি উত্থাপন করেছেন। পুনর্বাসন, নোটিশ এবং উচ্ছেদ প্রক্রিয়ার বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা হয়েছে। মঙ্গলবারের শুনানির দিকে এখন নজর রাজনৈতিক মহল থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

Latest