জন্মতারিখ-মাধ্যমিকের বছর নিয়ে বিতর্ক, আপাতত স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী

জন্মতারিখ-মাধ্যমিকের বছর নিয়ে বিতর্ক, আপাতত স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী

নিজস্ব সংবাদদাতা :নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের জন্মতারিখ ও মাধ্যমিকের বছর নিয়ে তৈরি বিতর্কে আপাতত স্বস্তি পেলেন তিনি। তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে কংগ্রেসের করা মামলা খারিজ করেছে কলকাতা হাই কোর্ট।বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ জানায়, হলফনামায় হাসিরানি রথ হয় জন্মতারিখ, নয়তো মাধ্যমিকের বছর ভুল উল্লেখ করে থাকতে পারেন। তবে মনোনয়ন যাচাইয়ের সময় রিটার্নিং অফিসারের কাছে কোনও আপত্তি জানানো হয়নি। নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর এই পর্যায়ে হস্তক্ষেপ করলে ভোটপ্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে বলেও আদালত জানায়। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় হাসিরানি রথ তাঁর বয়স ৬০ বছরের বেশি বলে উল্লেখ করেছেন। সেই হিসাব অনুযায়ী তাঁর জন্মসাল আনুমানিক ১৯৬৫ বা ১৯৬৬ সালের কাছাকাছি হওয়ার কথা।অন্যদিকে, একই হলফনামায় শিক্ষাগত যোগ্যতার জায়গায় উল্লেখ করা হয়েছে, তিনি ১৯৬৫ সালে চৌখালি গঙ্গা পদ্মা মিলন বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। জন্মসাল ও শিক্ষাগত তথ্যের মধ্যে এই সময়গত অসঙ্গতিই বিরোধীদের প্রশ্নের মুখে ফেলে। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস।কংগ্রেসের দায়ের করা মামলা খারিজ করার ক্ষেত্রে আদালত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করেছে।প্রথমত, মনোনয়নপত্র যাচাই বা স্ক্রুটিনির সময় রিটার্নিং অফিসারের কাছে এই বিষয়ে কোনও আপত্তি জানানো হয়নি। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে অভিযোগ তোলা হয়।দ্বিতীয়ত, আদালতের পর্যবেক্ষণ, নির্বাচন প্রক্রিয়া একবার শুরু হয়ে গেলে এমন কোনও হস্তক্ষেপ করা উচিত নয়, যার ফলে নির্বাচন বাধাগ্রস্ত, বিলম্বিত বা দীর্ঘায়িত হতে পারে।তৃতীয়ত, জন্মতারিখ এবং মাধ্যমিকের বছরের মধ্যে যে অসঙ্গতি রয়েছে, তা আদৌ কতটা গুরুতর এবং এর ফলে প্রার্থিতা বাতিলের মতো পরিস্থিতি তৈরি হয় কি না, সেটি প্রমাণের বিষয়।চতুর্থত, এই মুহূর্তে হাইকোর্ট যদি মনোনয়ন নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তাহলে তা সরাসরি আসন্ন উপনির্বাচনের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। সেই কারণে নির্বাচনের এই পর্যায়ে আদালত হস্তক্ষেপ করতে চায়নি।পঞ্চমত, আদালতের মতে, এই মামলার মাধ্যমে এখনই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করা সম্ভব নয়। উপযুক্ত সময়ে ইলেকশন পিটিশন দায়ের করে এই বিষয়টি উত্থাপন করা যেতে পারে।