Skip to content

দেশে ফিরেই বিপাকে ডেভিড ওয়ার্নার! মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার, আদালতে হাজিরার নির্দেশ

নিজস্ব সংবাদদাতা : অস্ট্রেলিয়ায় কয়েক দিনের ছুটি কাটাতে ফিরে বড়সড় আইনি জটে জড়িয়ে পড়লেন প্রাক্তন অজি ওপেনার David Warner। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সিডনির মারুব্রা এলাকায় তাঁকে আটক করে নিউ সাউথ ওয়েলস পুলিশ। পরে থানায় দ্বিতীয় দফার শ্বাস পরীক্ষাতেও অনুমোদিত মাত্রার অনেক বেশি অ্যালকোহলের প্রমাণ মেলায় ওয়ার্নারকে গ্রেফতার করা হয়। যদিও পরে থানার থেকেই তিনি জামিন পেয়ে যান। আগামী ৭ মে (স্থানীয় সময়) তাঁকে আদালতে হাজিরা দিতে হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইস্টার সানডে উপলক্ষে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন ওয়ার্নার। সেখানেই তিনি মদ্যপান করেন। তদন্তকারীদের কাছে প্রাক্তন ক্রিকেটারের দাবি, তিনি মাত্র তিন গ্লাস ওয়াইন পান করেছিলেন এবং নিজেকে ‘মাত্রাতিরিক্ত মদ্যপ’ মনে করেননি। কিন্তু মারুব্রার মালাবার রোডে র‍্যান্ডম ব্রেথ টেস্টিং চলাকালীন তাঁর গাড়ি থামিয়ে পরীক্ষা করা হলে চিত্রটা একেবারেই অন্যরকম সামনে আসে। প্রথম পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসার পর তাঁকে মারুব্রা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় পরীক্ষায়ও তাঁর রক্তে অ্যালকোহলের মাত্রা ০.১০৪ ধরা পড়ে, যা অনুমোদিত সীমার দ্বিগুণেরও বেশি। নিউ সাউথ ওয়েলস পুলিশের দাবি, রক্তের নমুনাতেও একই ধরনের প্রমাণ মিলেছে। ফলে তাঁর বিরুদ্ধে ‘মিড-রেঞ্জ ড্রিঙ্ক ড্রাইভিং’ ধারায় মামলা রুজু করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত মুখ ওয়ার্নার। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের অধিনায়কত্ব করছেন। তবে এই ঘটনার জেরে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আইনি জটে জড়ালেও David Warner-এর বিদেশ সফরে আপাতত কোনও বাধা থাকছে না। যে ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, তাতে পাসপোর্ট জমা রাখার নির্দেশ নেই এবং আদালতে নির্ধারিত দিনে হাজিরা দেওয়ার শর্তেই তিনি জামিন পেয়েছেন। ফলে পাকিস্তান সুপার লিগে (PSL) Karachi Kings-এর নেতৃত্ব দিতে তাঁর কোনও সমস্যা হবে না।

Latest