নিজস্ব সংবাদদাতা : এক কথায় রুদ্ধশ্বাস। শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনায় ভরা ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে মাত্র ১ রানে হারিয়ে আইপিএলে টানা তৃতীয় জয় তুলে নিল গুজরাট টাইটান্স। ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা সাবধানী হলেও পরে আক্রমণাত্মক হয়ে ওঠেন দিল্লির ব্যাটাররা। পাথুম নিশঙ্কা (৪১) ও লোকেশ রাহুল (৯২) প্রথমে দলকে মজবুত ভিত দেন। রাহুলের ব্যাটে ছিল পরিপক্বতা ও আগ্রাসনের মিশেল, তবে শতরানের আগেই থামতে হয় তাঁকে। মাঝের ওভারে রশিদ খানের স্পিন জাদুতে ম্যাচে ফেরে গুজরাট। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। ১০০ পেরনো স্কোর হঠাৎই পরিণত হয় ধসের গল্পে। শেষদিকে ডেভিড মিলারের ঝড়ো ইনিংস আবার আশার আলো জ্বালায়। ২০ বলে ৪১ রানের ইনিংসে তিনি ম্যাচ প্রায় টেনে আনেন গুজরাটের হাত থেকে। কিন্তু শেষ ওভারের নাটকীয় মুহূর্তে তাঁর একটি সিদ্ধান্তই হয়ে ওঠে বিতর্কের কেন্দ্র। শেষ ওভারের পঞ্চম বলে সহজ এক রান না নিয়ে মিলার নিজেই শেষ বল খেলতে চান। ফলে ম্যাচ গড়ায় শেষ বলে, যেখানে জয়ের জন্য প্রয়োজন ছিল ২ রান। প্রসিদ্ধ কৃষ্ণার বাউন্সারে ব্যাট ছোঁয়াতে ব্যর্থ হন মিলার। রান নিতে গিয়ে কুলদীপ যাদব রান আউট হন— আর সেখানেই শেষ দিল্লির স্বপ্ন।

এর আগে গুজরাট টাইটান্স ব্যাট করে তোলে ২১০ রান। অধিনায়ক শুভমন গিলের ৭০ রানের ইনিংস ছিল দলের ভিত্তি। জোস বাটলার (৫২) ও ওয়াশিংটন সুন্দর (৫৫) গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দিল্লির হয়ে মুকেশ কুমার ২টি উইকেট নেন, তবে শেষ পর্যন্ত বোলারদের সেই প্রচেষ্টা জয় এনে দিতে পারেনি। এই ম্যাচ আবার প্রমাণ করল— টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ বল না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। আর ডেভিড মিলার? আবারও শেষ মুহূর্তে লড়াই করেও ‘অসম্পূর্ণ নায়ক’-এর তকমা নিয়েই মাঠ ছাড়তে হল তাঁকে।
