Skip to content

ধানক্ষেতে মৃত পূর্ণবয়স্ক হাতি, মেদিনীপুরে চাঞ্চল্য—মৃত্যুর কারণ ঘিরে রহস্য!

সেখ ওয়ারেশ আলী : শুক্রবার, ২৭ মার্চ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া রেঞ্জের শির্ষি এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়। ধানক্ষেতে কাজ করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা দেখতে পান একটি পূর্ণবয়স্ক হাতি নিথর অবস্থায় পড়ে রয়েছে। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, ঘটনাস্থলে ভিড় জমায় গ্রামবাসীরা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বনদপ্তরের কর্মীরা। মৃত হাতিটিকে ঘিরে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। তবে কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বনদপ্তরের প্রাথমিক অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বা কোনও শারীরিক অসুস্থতার জেরেই এই মৃত্যু হয়ে থাকতে পারে।এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, প্রায়ই জঙ্গল থেকে খাবারের সন্ধানে হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে, যার ফলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত বেড়েই চলেছে।

Latest