Skip to content

জন্মদিনে মানবতার ছোঁয়া — পথবাসী ও অসহায় মানুষের মুখে হাসি ফোটালেন দেবরাজ সাহা!

নিজস্ব সংবাদদাতা : নিজের জন্মদিনকে শুধু কেক-কাটা আর ব্যক্তিগত আনন্দে সীমাবদ্ধ না রেখে মানবিক উদ্যোগে উদযাপন করলেন বীরভূমের তরুণ লেখক ও সমাজমনস্ক যুবক দেবরাজ সাহা। তাঁর ২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে পথবাসী ও অভাবী মানুষের মধ্যে খাবার বিতরণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।এই মানবিক কর্মসূচির মাধ্যমে মোট ২৪ জন অসহায় ও দরিদ্র মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।

নিজের ২৪তম জন্মদিনকে প্রতীকীভাবে স্মরণীয় করে তুলতেই এই ২৪ জন মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয় বলে জানা গিয়েছে। বীরভূমের সদর শহর সিউড়ির বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথবাসী ও প্রান্তিক মানুষের হাতে সেই খাবার পৌঁছে দেন দেবরাজ।বিশেষ বিষয় হল, এই কর্মসূচির জন্য খাবার সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে প্রস্তুত করেন তাঁর বাবা-মা। পরিবারের সদস্যদের এই আন্তরিক সহযোগিতায় উদ্যোগটি আরও মানবিক ও অর্থবহ হয়ে ওঠে। সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

এই প্রসঙ্গে দেবরাজ সাহা বলেন, জন্মদিন শুধু নিজের আনন্দের দিন নয়, অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যেও যে প্রকৃত আনন্দ রয়েছে, সেটাই তিনি অনুভব করতে চেয়েছেন। তাঁর কথায়, সমাজে এখনও বহু মানুষ রয়েছেন যাদের কাছে প্রতিদিনের খাবার জোগাড় করাটাই বড় সংগ্রাম। তাই নিজের জন্মদিনে যদি অন্তত কয়েকজন মানুষের মুখে একবেলার খাবার তুলে দিতে পারেন, সেটাকেই তিনি সবচেয়ে বড় প্রাপ্তি মনে করেন।তিনি আরও জানান, এই উদ্যোগ সফল করতে তাঁর বাবা-মা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাতে তিনি ভীষণ অনুপ্রাণিত হয়েছেন। ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।দেবরাজ সাহার এই উদ্যোগকে অনেকেই মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ বলে মনে করছেন। জন্মদিনের আনন্দ ভাগ করে নেওয়ার এই ছোট্ট প্রচেষ্টা সমাজের প্রতি দায়বদ্ধতার এক গুরুত্বপূর্ণ বার্তাও বহন করছে বলেই মত স্থানীয় মানুষের।

Latest