নিজস্ব সংবাদদাতা : অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল ভারতীয় মহিলা ফুটবল দল। বুধবার শেষ ম্যাচে জয় পেলেও শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি ভারতের মেয়েদের। গ্রুপে তৃতীয় স্থানে শেষ করায় কোয়ার্টার ফাইনালে ওঠা হলো না। টুর্নামেন্টের শুরুটাই ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে শক্তিশালী জাপানের কাছে ০-৬ ব্যবধানে হার মানতে হয় ভারতকে। দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় হার—৫ গোলের ব্যবধানে পরাজয়—দলের ওপর বাড়তি চাপ তৈরি করে। ফলে শেষ ম্যাচে জয়ের পাশাপাশি অন্য ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হয়েছিল ভারতকে। বুধবার চাইনিজ তাইপেইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় ভারতীয় দল। ম্যাচে মোট ১৮টি শট নেয় তারা, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যভেদী। ২৬ মিনিটে ভূমিকা দেবীর শট প্রতিপক্ষের ডিফেন্ডার হুয়াং আই-পিংয়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়, এগিয়ে যায় ভারত।

ছয় মিনিট পরেই ব্যবধান বাড়ান শিবানী দেবী। দ্বিতীয়ার্ধে চাইনিজ তাইপেই আক্রমণের ঝাঁজ বাড়ালেও ভারতের রক্ষণভাগ দৃঢ়তা দেখায়। পরে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন শিবানী। ম্যাচের অতিরিক্ত সময়ে কাও সিন একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ৩-১ জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত। তবে কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য শুধু জয় যথেষ্ট ছিল না। উজবেকিস্তান ও জর্ডনের ম্যাচ ড্র হওয়া প্রয়োজন ছিল। কিন্তু সেই ম্যাচে উজ়বেকিস্তান ৪-০ ব্যবধানে জয় পেয়ে সেরা তৃতীয় দল হিসেবে শেষ আটে জায়গা করে নেয়। ফলে ভারতের আশা শেষ হয়ে যায়। জয় দিয়েও টুর্নামেন্ট শেষ করতে হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ ভারতীয় শিবির। তবু শেষ ম্যাচের পারফরম্যান্স ভবিষ্যতের জন্য কিছুটা আশার আলো দেখাল বলেই মনে করছেন ফুটবল মহল।