সুকান্ত স্মৃতি সম্মানে সম্মানিত দেবরাজ সাহা!

সুকান্ত স্মৃতি সম্মানে সম্মানিত দেবরাজ সাহা!

নিজস্ব সংবাদদাতা : কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ‘সুকান্ত স্মৃতি সম্মান’-এ সম্মানিত হলেন সমাজসেবী, সংস্কৃতিপ্রেমী ও সাহিত্যসচেতন ব্যক্তিত্ব দেবরাজ সাহা। স্বাধীনতা দিবসের মতো তাৎপর্যপূর্ণ দিনে এই সম্মাননা পাওয়ায় এর গুরুত্ব আরও বেড়েছে বলে জানান দেবরাজ।পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেবরাজ সাহার হাতে সম্মাননা তুলে দেন অখিল ভারত হিন্দু মহাসভা (পশ্চিমবঙ্গ)-এর সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। অনুষ্ঠানে দেবরাজ বর্তমান প্রজন্মের ভূমিকা এবং কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন, সাহিত্য ও মানবতাবাদী আদর্শ নিয়ে বক্তব্য রাখেন।পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের কর্ণধার চন্দ্রনাথ বসু বলেন, দেবরাজ সাহার সংস্কৃতিচর্চা, সমাজসেবামূলক কাজ এবং সাহিত্য নিয়ে তাঁর নিরন্তর ভাবনা দীর্ঘদিন ধরেই তাঁদের নজর কেড়েছে।

মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা এবং সাহিত্যকে সমাজের সঙ্গে যুক্ত করার তাঁর প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি। আগামী দিনে সাহিত্য ও সমাজের ক্ষেত্রে দেবরাজ আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন চন্দ্রনাথ বসু। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের পক্ষ থেকে এর আগেও একাধিক সম্মাননা পেয়েছেন দেবরাজ সাহা। এবারের ‘সুকান্ত স্মৃতি সম্মান’-কে তিনি শুধু ব্যক্তিগত স্বীকৃতি হিসেবে নয়, মানুষের ভালোবাসা, আশীর্বাদ ও শুভকামনার প্রতিফলন হিসেবেই দেখছেন।