মহালয়ার সন্ধ্যায় ইডেনে আলোর মায়াজাল! ৩ হাজার ঢাক, ১ হাজার উলুধ্বনিতে বরণ করা হল মা দুর্গাকে!
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: শরতের শিউলি ফোটা ভোরে মহিষাসুরমর্দিনীর স্তোত্রে দেবীপক্ষের সূচনা। গঙ্গার ঘাটে পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণের আবহ পেরিয়ে সন্ধ্যায় কলকাতার ইডেন উদ্যানে ধরা দিল আলোর বর্ণময় উৎসব। ঢাকের ছন্দ, উলুধ্বনি, শঙ্খধ্বনি, সুরেলা সংগীত এবং অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধনে মা দুর্গার আবাহন ঘিরে আয়োজিত হল এক বর্ণাঢ্য অনুষ্ঠান।রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হাজার হাজার ঢাকির সম্মিলিত বাদ্যি এবং উলুধ্বনির পরিবেশনা।

প্রায় ৩ হাজার ঢাকের ছন্দ ও ১ হাজার উলুধ্বনিতে উৎসবের আবহ আরও জমজমাট হয়ে ওঠে। বাঙালির শারদোৎসবের ঐতিহ্যকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তুলে ধরার লক্ষ্যেই এই বিশেষ আয়োজন।অনুষ্ঠানের অন্যতম চমক ছিল রাতের আকাশে ড্রোন শো। প্রায় ৩ হাজার থেকে ৫ হাজার ড্রোনের মাধ্যমে দেবী দুর্গার আবাহন ও বিভিন্ন পৌরাণিক দৃশ্য ফুটিয়ে তোলার পরিকল্পনা ও পরিবেশনা দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে।

পাশাপাশি ছিল থ্রি-ডি প্রজেকশন ম্যাপিং এবং লেজার শো। আলোর কারুকাজে ইডেনের পরিবেশে তৈরি হয় উৎসবমুখর আবহ। এই বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য-সহ রাজ্যের মন্ত্রী এবং একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীতের মূর্ছনা ছড়িয়ে দেন শিল্পী শান, শান্তনু মৈত্র এবং কৌশিকী চক্রবর্তীর মতো বিশিষ্ট শিল্পীরা। তাঁদের পরিবেশনার পাশাপাশি মঞ্চস্থ হয় মহিষাসুরমর্দিনী নৃত্যনাট্য। ঐতিহ্যবাহী দেবীবন্দনা, সংগীত ও নৃত্যের মেলবন্ধনে অনুষ্ঠানে উঠে আসে বাংলার সংস্কৃতি ও শারদোৎসবের আবেগ। গোটা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেত্রী সৌরসেনী মৈত্র।মহালয়া বাঙালির কাছে শুধুমাত্র একটি তিথি নয়, বরং আবেগ, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। ইডেন উদ্যানে এই বিশেষ আয়োজনের মধ্য দিয়ে সেই আবেগকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ঢাকের বোল, শঙ্খধ্বনি, সংগীত এবং প্রযুক্তিনির্ভর আলোকসজ্জার সমন্বয়ে মহালয়ার সন্ধ্যা হয়ে উঠেছে দেবী দুর্গার আবাহনকে কেন্দ্র করে এক বর্ণময় উদ্যাপন।