অভিজিৎ সাহা : ভোটের আবহে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate (ইডি)-র অভিযান। কয়লা পাচার মামলার তদন্তে বুধবার ভোরে Durgapur-এর সিটি সেন্টার এলাকার অম্বুজা নগরীতে বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয় গোটা এলাকা। বর্তমানে বাড়ির ভিতরে চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ, যার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সূত্রের খবর, কয়লা পাচার মামলার তদন্তে আচমকাই মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছে যায় ইডির একটি দল। বাড়িতে ঢোকার পর গেটেই হাজিরার নোটিস টাঙিয়ে দেন তদন্তকারীরা। নোটিসে উল্লেখ করা হয়েছে, আগামী ১৩ মার্চ দুপুর ১২টা থেকে ১টার মধ্যে ইডির সামনে হাজিরা দিতে হবে মনোরঞ্জন মণ্ডলকে। জানা গিয়েছে, এর আগে সমন পাঠানো হলেও হাজিরা দেননি তিনি। ফলে এই নিয়ে তৃতীয়বার তাঁকে তলব করা হল।এরপরই তদন্তকারীরা বাড়ির ভিতরে ঢুকে নথিপত্র খতিয়ে দেখতে শুরু করেন। একদল আধিকারিক বাড়ির বিভিন্ন নথি ও ডিজিটাল তথ্য খুঁজে দেখছেন, অন্যদিকে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইডির অভিযোগ, কয়লা পাচার মামলায় যে তথাকথিত ‘প্রোটেকশন মানি’-র লেনদেন হয়েছে, তাতে মনোরঞ্জন মণ্ডল মোটা অঙ্কের টাকার বিনিময়ে সহযোগিতা করেছিলেন। কয়েক মাস আগে তদন্তের সময় বাজেয়াপ্ত করা মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ চ্যাট ও অন্যান্য ডিজিটাল নথি খতিয়ে দেখতে গিয়েই তাঁর নাম সামনে আসে বলে দাবি তদন্তকারীদের।এই মামলায় আরও কয়েকজনের নামও উঠে এসেছে বলে সূত্রের খবর। তাঁদের মধ্যে রয়েছেন আখতার, প্রবীর দত্ত, অমিত বনশল, মির্জা নিজামুদ্দিন এবং চিন্ময় মণ্ডল। উল্লেখ্য, এর আগেও এই মামলার সূত্রে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। তবে সেই সময় উল্লেখযোগ্য কোনও তথ্য মেলেনি বলে জানা গিয়েছিল। এদিনের অভিযানের সময় মনোরঞ্জন মণ্ডল বাড়িতে উপস্থিত ছিলেন কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। অন্যদিকে, গত কয়েক মাস ধরে রাজ্যে কয়লা ও বালি পাচার মামলাকে কেন্দ্র করে একাধিক ব্যবসায়ী ও পুলিশ আধিকারিকদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। ফলে এই তদন্তের জাল যে ক্রমশ বিস্তৃত হচ্ছে, তা স্পষ্ট বলেই মনে করছেন রাজনৈতিক মহল।