নিজস্ব সংবাদদাতা : আফ্রিকায় ফের ভয়াবহ রূপ নিচ্ছে মারণ ইবোলা ভাইরাস। মধ্য আফ্রিকার দেশ ডিআর কঙ্গোয় ইতিমধ্যেই এই ভাইরাসে মৃত্যু হয়েছে অন্তত ৬৫ জনের। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০০। তাঁদের মধ্যে শতাধিক রোগী হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে।রিপোর্ট অনুযায়ী, দেশজুড়ে ব্যাপক হারে ইবোলা পরীক্ষা শুরু হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রতি ২০ জনের মধ্যে অন্তত ১৩ জন আক্রান্ত হচ্ছেন। এর আগে ২০১৮ এবং ২০২০ সালেও ভয়াবহভাবে ইবোলার সংক্রমণ ছড়িয়েছিল কঙ্গোয়। সেই সময় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল।বিশ্বের অন্যতম প্রাণঘাতী ভাইরাস হিসেবে ধরা হয় ইবোলাকে। চিকিৎসকদের মতে, আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার প্রায় ৯০ শতাংশ পর্যন্ত হতে পারে। ডাইরিয়া, জ্বর, বমি, রক্তপাত এই রোগের প্রধান উপসর্গ। দ্রুত চিকিৎসা না হলে মাত্র কয়েক দিনের মধ্যেই রোগীর মৃত্যু হতে পারে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ফলখেকো বাদুড়ের মাধ্যমে এই ভাইরাস মানুষের শরীরে ছড়ায়। এরপর আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ, ব্যবহৃত জিনিস, এমনকি হাঁচি-কাশির মাধ্যমেও দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দপ্তর।