ফুটবল টুর্নামেন্টে মানবিক উদ্যোগ, দীপশিখার চিকিৎসায় উঠল ₹৩৬,৯০০!

ফুটবল টুর্নামেন্টে মানবিক উদ্যোগ, দীপশিখার চিকিৎসায় উঠল ₹৩৬,৯০০!

নিজস্ব সংবাদদাতা: খেলার মাঠে প্রতিদ্বন্দ্বিতা, আর তারই মাঝে মানবিকতার অনন্য নজির। গান্ধী জয়ন্তী উপলক্ষে ২ অক্টোবর সংঘশ্রী ক্লাবের উদ্যোগে আয়োজিত হল প্রয়াত রামেশচন্দ্র পাল, প্রয়াত জ্যোতির্ময়ী পাল ও প্রয়াত নির্মল পালের স্মৃতিতে ২৭তম বর্ষের একদিবসীয় দিবা-রাত্রি নকআউট ফুটবল টুর্নামেন্ট। পশ্চিম মেদিনীপুরের অন্যতম বড় এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে ছিল দর্শকদের উৎসাহ।তবে এবারের আয়োজনের বিশেষ দিক হয়ে উঠল এক মানবিক উদ্যোগ। একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত দীপশিখা সরকার বর্তমানে কলকাতার Peerless Hospital-এ চিকিৎসাধীন। জানা গিয়েছে, দুর্ঘটনায় তাঁর লিভার ও ফুসফুসে গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ।দীপশিখার চিকিৎসায় সাহায্যের আবেদন জানান টুর্নামেন্টের সম্পাদক অসিত পাল (তালবাগিচা)। দীপশিখার বাবা দীপঙ্কর সরকারের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মাঠে উপস্থিত দর্শক ও সাধারণ মানুষের কাছে সহযোগিতার আবেদন করা হয়।সেই আবেদনে সাড়া দিয়ে সহৃদয় মানুষদের সহযোগিতায় মোট ৩৬,৯০০ টাকা সংগ্রহ হয়েছে। সংগৃহীত পুরো অর্থ দীপশিখা সরকারের চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।ফুটবল প্রতিযোগিতার মাঠে এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন উপস্থিত মানুষজন। সংঘশ্রী ক্লাবের পক্ষ থেকে চিকিৎসার এই কঠিন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রত্যেক ব্যক্তি ও সহৃদয় মানুষের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।