Skip to content

পড়ুয়াদের স্বস্তি দিতে সকালের স্কুলের ভাবনা, জানাল শিক্ষাদপ্তর

নিজস্ব সংবাদদাতা : কলকাতা: তীব্র গরমে নাজেহাল রাজ্যের পড়ুয়ারা। এই পরিস্থিতিতে স্কুলের সময়সূচি পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য শিক্ষাদপ্তর। প্রয়োজন হলে আগামী দু’সপ্তাহ স্কুলগুলি সকালে ক্লাস নিতে পারবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ স্থানীয় আবহাওয়া ও পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবে।এ বছর ১১ মে থেকে গরমের ছুটি শুরু হয়ে পরে তা বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়েছিল। ১ জুন থেকে পুনরায় স্কুল খুলেছে। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এখনও তাপপ্রবাহ ও অস্বস্তিকর গরম অব্যাহত থাকায় এই বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।শিক্ষাদপ্তরের নির্দেশ অনুযায়ী, জেলা স্কুল পরিদর্শকদের মাধ্যমে স্কুলগুলিকে জানানো হয়েছে যে, প্রয়োজন হলে সকালবেলায় পঠনপাঠনের ব্যবস্থা করা যেতে পারে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে গরমের প্রভাব বেশি থাকায় পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পাহাড়ি এলাকা বাদে রাজ্যের অধিকাংশ স্কুলেই এই নির্দেশ কার্যকর হবে।তবে যেসব স্কুলে সকালে প্রাথমিক এবং দুপুরে উচ্চ প্রাথমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের ক্লাস হয়, সেখানে সময়সূচি পরিবর্তন নিয়ে কিছু জটিলতা তৈরি হতে পারে। সে ক্ষেত্রে জেলা স্কুল পরিদর্শকদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।শিক্ষাদপ্তরের এই পদক্ষেপে গরমের মধ্যে পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষায় কিছুটা স্বস্তি মিলবে বলেই মনে করছে শিক্ষা মহল।

Latest