নিজস্ব সংবাদদাতা : ২০২৬ ফিফা পুরুষদের বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী ২৬ সদস্যের দল ঘোষণা করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে চলা এই বিশ্বকাপে বিশ্ব রাঙ্কিংয়ের শীর্ষে থাকা ফরাসি দলকে অন্যতম ফেভারিট হিসেবেই দেখা হচ্ছে। এই বিশ্বকাপই হতে চলেছে ফ্রান্সের সফল কোচ দিদিয়ের দেশঁর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। ১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে এবং ২০১৮ সালে কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের বিরল কৃতিত্ব রয়েছে তাঁর ঝুলিতে। ইতিহাসে মাত্র তিনজন ব্যক্তি এই দ্বৈত সাফল্য অর্জন করেছেন। তাই দেশঁকে বিদায়ী উপহার হিসেবে আরও একটি বিশ্বকাপ জিততে মরিয়া ফরাসি শিবির। ফ্রান্সের দলে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার দারুণ সমন্বয় দেখা গিয়েছে। আক্রমণভাগের নেতৃত্বে রয়েছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। তাঁর সঙ্গে রয়েছেন ওসমান ডেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, মার্কাস থুরাম ও মাইকেল অলিসের মতো তারকারা। পাশাপাশি তরুণ প্রতিভা হিসেবে সুযোগ পেয়েছেন দেজিরে দুয়ে, ম্যাগনেস আকলিউশ ও রায়ান শেরকিরা। মধ্যমাঠে অভিজ্ঞ এন’গোলো কান্তে, আদ্রিয়েন রাবিও ও অরেলিয়াঁ ত্চুয়ামেনির উপস্থিতি দলকে আরও শক্তিশালী করেছে। রক্ষণভাগে উইলিয়াম সালিবা, জুল কুন্দে, ইব্রাহিমা কোনাতে ও থিও হার্নান্দেজের মতো নির্ভরযোগ্য ফুটবলারদের রাখা হয়েছে। ফুটবলপ্রেমীদের নজর এখন দেশঁর শেষ অভিযানে—ফ্রান্স কি পারবে তৃতীয়বারের মতো বিশ্বসেরা হতে?

ফ্রান্স বিশ্বকাপ স্কোয়াড ২০২৬:
গোলরক্ষক: মাইক মেনিয়াঁ, রবিন রিসার, ব্রিস সাম্বা।
ডিফেন্ডার: লুকাস দিগনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুল কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ো উপামেকানো, ম্যাক্সেন্স লাক্রোয়া, থিও হার্নান্দেজ।
মিডফিল্ডার: এন’গোলো কান্তে, মানু কোনো, আদ্রিয়েন রাবিও, অরেলিয়াঁ ত্চুয়ামেনি, ওয়ারেন জাইরে-এমেরি।
ফরোয়ার্ড: ব্র্যাডলি বারকোলা, রায়ান শেরকি, ওসমান ডেম্বেলে, দেজিরে দুয়ে, কিলিয়ান এমবাপে, মাইকেল অলিসে, জঁ-ফিলিপ মাতেতা, মার্কাস থুরাম, ম্যাগনেস আকলিউশ।
