Skip to content

“হার মানেই জীবন শেষ নয়”, পরাজয়ের পর অভিনয়ে ফেরার ইঙ্গিত সায়ন্তিকার!

অভিজিৎ সাহা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তথা বরাহনগরের প্রাক্তন বিধায়ক Sayantika Banerjee। নির্বাচনী ফল প্রকাশের পর রাজনৈতিক মহলে যখন নানা জল্পনা চলছে, তখনই সায়ন্তিকা স্পষ্ট জানিয়ে দিলেন— হার মানেই জীবনের সমাপ্তি নয়, বরং নতুন করে নিজেকে গড়ে তোলার সময়।
সাম্প্রতিক সময়ে শারীরিক অসুস্থতার মধ্যেও নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সায়ন্তিকা বলেন, মানুষের হয়তো তাঁর কাছে আরও বেশি প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণে কোথাও ঘাটতি থেকে গিয়েছে বলেই তাঁর মনে হচ্ছে। যদিও তিনি দাবি করেন, রাজনৈতিক দায়িত্ব পালনে নিজের সর্বস্ব দিয়ে কাজ করার চেষ্টা করেছিলেন।নির্বাচনী প্রচারে আত্মবিশ্বাসী সায়ন্তিকার এই পরাজয় রাজনৈতিক মহলে বিশেষভাবে আলোচিত হয়েছে। ইতিমধ্যেই একাধিক তারকা-রাজনীতিক সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকার ইঙ্গিত দিয়েছেন। তবে সায়ন্তিকা এখনই রাজনীতি ছাড়ার বিষয়ে কোনও চূড়ান্ত মন্তব্য করতে নারাজ। তাঁর বক্তব্য, ভবিষ্যৎ কী হবে তা এখনই বলা সম্ভব নয়।
তবে তিনি স্পষ্ট করেছেন, আপাতত নিজের মূল পেশা অভিনয়েই ফের মন দিতে চান। দীর্ঘদিন রাজনৈতিক ব্যস্ততার কারণে শরীরচর্চা ও ক্যামেরার প্রস্তুতিতে ফাঁক পড়েছিল বলেও স্বীকার করেছেন অভিনেত্রী। তাই আবার নিজেকে পর্দার জন্য তৈরি করার কাজ শুরু করেছেন তিনি।
বরাহনগরের নতুন বিধায়ক Sajal Ghosh সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি সায়ন্তিকা। তিনি বলেন, জনমতের ভিত্তিতেই নতুন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন এবং সেই সিদ্ধান্তকে তিনি সম্মান করেন।সবশেষে সায়ন্তিকার বার্তা, “জীবন থেমে থাকে না। পরাজয় মানেই সব শেষ নয়।” সেই বিশ্বাস নিয়েই আবার অভিনয়ের জগতে প্রত্যাবর্তনের প্রস্তুতি শুরু করেছেন তিনি।

Latest