Skip to content

মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসকে তলব, ৫ জুনের মধ্যে হাজিরার নির্দেশ বিধাননগর পুলিশের!

নিজস্ব সংবাদদাতা : গত বছর ডিসেম্বর মাসে যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত তথাকথিত ‘মেসি-কাণ্ড’ নিয়ে তদন্তে নতুন মোড়। এই ঘটনায় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছে বিধাননগর পুলিশ। আগামী ৫ জুনের মধ্যে তাঁকে তদন্তকারী আধিকারিকদের সামনে হাজির হতে বলা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেসি-সংক্রান্ত অনুষ্ঠান নিয়ে দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে সম্প্রতি নতুন করে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। সেই এফআইআরে অরূপ বিশ্বাসের নাম আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁর বক্তব্য জানতে চায় পুলিশ।জানা গিয়েছে, অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় পৃথক একটি অভিযোগ দায়ের করেছিলেন। ওই অভিযোগে মূলত প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। অভিযোগের ভিত্তিতেই অরূপ বিশ্বাসের নামে মামলা রুজু করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির স্বার্থে আগামী ৫ জুনের মধ্যে যে কোনও দিন অরূপ বিশ্বাসকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তবে এই অভিযোগের বিষয়ে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী বা তাঁর আইনজীবীর তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা সম্পর্কে চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

Latest