Skip to content

খড়গপুর শহরের আয়মায় চক্ষু পরীক্ষা শিবির!

অরিন্দম চক্রবর্তী: খড়গপুর শহরে মানবিক উদ্যোগের এক উজ্জ্বল নজির গড়ল খড়্গপুর নাগরিক সংঘ। সংঘের ব্যবস্থাপনায় এবং কল্যাণী চন্দ মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় ১লা মার্চ ২০২৬, রবিবার আয়োজিত হল এক বৃহৎ বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির। শহরের আয়মার ছত্তিশ গড় হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শিবিরে সকাল থেকেই ছিল মানুষের উপচে পড়া ভিড়।

এদিন মোট ২২৫ জন তাঁদের চোখ পরীক্ষা করান। পূর্ব মেদিনীপুর জেলার চৈতন্যপুরের বিবেকানন্দ মিশন আশ্রম থেকে আগত ১৬ জন অভিজ্ঞ চিকিৎসক সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা বহু প্রবীণ নাগরিক, শ্রমজীবী মানুষ ও আর্থিকভাবে অসচ্ছল পরিবার এই উদ্যোগে উপকৃত হন। শিবির শেষে খড়্গপুর নাগরিক সংঘের সভাপতি সুরেশ চন্দ্র দ্বিবেদী ও সভাপতি অঙ্কুর কুমার দ্বিবেদী জানান, পরীক্ষায় চিহ্নিত হওয়া ৫০ জন রোগীকে বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের জন্য পাঠানো হবে। তাঁদের যাবতীয় চিকিৎসা, অস্ত্রোপচার ও পরবর্তী পরিষেবার দায়িত্বও সংগঠনের তরফেই নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়।

কল্যাণী চন্দ মেমোরিয়াল ট্রাস্টের কর্ণধার গৌতম চন্দ জানান, এ বছরের শিবিরটি ২৫তম বর্ষে পদার্পণ করল। দীর্ঘ পঁচিশ বছর ধরে ধারাবাহিকভাবে এই উদ্যোগ চালিয়ে যাওয়া নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য সাফল্য। তিনি বলেন, সমাজের দরিদ্র ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য। শিবিরে উপস্থিত উমা রায়, বিমলেশ যাদব ও কুনাল সিং জানান, শুধু ছানি অস্ত্রোপচারই নয়, প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে চশমা ও ওষুধও প্রদান করা হচ্ছে। ফলে বহু মানুষ আর্থিক সঙ্কটের কারণে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন না। মানবসেবার এই ধারাবাহিক প্রয়াস খড়গপুরবাসীর কাছে নতুন করে আশা জাগিয়েছে। সংগঠকদের মতে, আগামী দিনেও আরও বৃহত্তর পরিসরে এই ধরনের স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে, যাতে সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পেতে পারেন।

Latest