পর্তুগাল: ৫ | উজবেকিস্তান: ০
নিজস্ব সংবাদদাতা : প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া উজবেকিস্তানের বিরুদ্ধে পর্তুগাল জয় পাবে, তা নিয়ে বিশেষ সন্দেহ ছিল না ফুটবলবিশ্বের। তবে ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন ছিল একটাই—ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি সত্যিই ফুরিয়ে গেছেন, নাকি এখনও সমালোচকদের মুখ বন্ধ করার ক্ষমতা রাখেন? মঙ্গলবার সেই প্রশ্নের জোরালো উত্তর দিলেন সিআর সেভেন নিজেই। তাঁর ঐতিহ্যবাহী ‘সিউ’ উদযাপনের সঙ্গে এল গোল, আর সেই সুবাদে নকআউট পর্বের টিকিটও প্রায় নিশ্চিত করে ফেলল পর্তুগাল।ম্যাচের শুরুতেই প্রথম একাদশে রোনাল্ডোর নাম দেখে অনেকেই বিস্মিত হয়েছিলেন। চার মিনিটের মাথায় নুনো মেন্দেসের নিখুঁত ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন তিনি। সমালোচকরা যখন আবার সরব হওয়ার অপেক্ষায়, ঠিক তখনই নিজের পরিচিত ভঙ্গিতে জ্বলে ওঠেন পর্তুগিজ মহাতারকা। গোলরক্ষককে পরাস্ত করে জালে বল জড়িয়ে শুধু দলকে এগিয়েই দেননি, গড়েছেন এক অনন্য ইতিহাসও।

বিশ্বকাপের ইতিহাসে টানা ছয়টি আসরে গোল করা প্রথম এবং একমাত্র ফুটবলার এখন রোনাল্ডো—এক নজির, যা আপাতত অধরাই মনে হচ্ছে অন্য সবার কাছে।১৭ মিনিটে নুনো মেন্দেসের দুর্দান্ত ফ্রি-কিক গোলেও ছিল রোনাল্ডোর কৌশলী ভূমিকা। গোটা স্টেডিয়াম ভেবেছিল ফ্রি-কিকটি নেবেন তিনিই, উজবেক রক্ষণও সেই প্রস্তুতিতে ছিল। কিন্তু বাঁশি বাজতেই সরে দাঁড়ান রোনাল্ডো, আর মুহূর্তের মধ্যেই মেন্দেসের শট জড়িয়ে যায় জালে। ২৯ মিনিটে উজবেকিস্তানের গানিভ বল জালে পাঠালেও পরে সেটি বাতিল হয়। তার মাত্র নয় মিনিট পর অসাধারণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনাল্ডো।

সেই গোলের সুবাদে বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বাধিক গোলের রেকর্ডও নিজের নামে লিখে নেন তিনি।৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই দ্বিতীয়ার্ধ শুরু করে পর্তুগাল। এ সময় সবচেয়ে চোখে পড়ছিল রোনাল্ডোর আরও গোল করার ক্ষুধা। একের পর এক সুযোগ তৈরি করলেও বারবার হতাশ হতে হয় তাঁকে। ৫৯ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে। ম্যাচের ৮৭ মিনিটে রাফায়েল লিয়াওও নাম লেখান গোলদাতাদের তালিকায়।ম্যাচের এক পর্যায়ে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে চোট পেয়ে খানিকটা খুঁড়িয়ে চলতে দেখা যায় রোনাল্ডোকে। কিন্তু মাঠ ছাড়ার কথা ভাবেননি তিনি। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত গোলের খোঁজে ছুটেছেন, নিয়েছেন একাধিক শট। তবুও ভাগ্য সহায় হয়নি। দুর্দান্ত পারফরম্যান্স, জোড়া গোল এবং ইতিহাস গড়া সত্ত্বেও হ্যাটট্রিকের স্বপ্ন অধরাই থেকে গেল পর্তুগিজ মহাতারকার।