Skip to content

স্প্যানিশ ঝড়ে উড়ল ফ্রান্স, এমবাপেদের বিদায় নিশ্চিত করে ফাইনালে ইয়ামালরা!

স্পেন - ২ (ওয়ারজাবাল, পেড্রি ) | ফ্রান্স - ০

নিজস্ব সংবাদদাতা : বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে সেমিফাইনালে নেমেছিল কিলিয়ান এমবাপের ফ্রান্স। কিন্তু সেই স্বপ্নে জল ঢেলে দিল দুরন্ত স্পেন। লামিন ইয়ামালদের নেতৃত্বে তরুণ স্প্যানিশ দল দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করল। একই সঙ্গে টানা তৃতীয়বার কোনও বড় টুর্নামেন্টের নকআউট পর্বে ফ্রান্সকে হারানোর নজিরও গড়ল স্পেন।

ম্যাচের আগে লামিন ইয়ামাল আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছিলেন, ফ্রান্সকে তাঁরা আটকে দেবেন। তিনি মনে করিয়ে দিয়েছিলেন, শেষ দুই বড় টুর্নামেন্টেও স্পেনই ফরাসিদের ট্রফি জয়ের স্বপ্ন ভেঙেছে। সেমিফাইনালের পারফরম্যান্সে প্রমাণ হয়ে গেল, সেটি নিছক কথার কথা ছিল না।এমবাপে, উসমান দেম্বেলে এবং মাইকেল ওলিসেকে নিয়ে গড়া ফ্রান্সের শক্তিশালী আক্রমণভাগকে কার্যত নিষ্ক্রিয় করে দেয় স্পেনের সংগঠিত রক্ষণ। পুরো ম্যাচে ফরাসি তারকাদের একটিও গোল করার সুযোগ দেয়নি স্প্যানিশ ডিফেন্স।

স্পেনের জয়ে বড় ভূমিকা নেন গোলরক্ষক উনাই সিমোন। শুধু পোস্টের নিচে দুর্দান্ত সেভই নয়, একাধিকবার গোললাইন ছেড়ে বেরিয়ে এসে ফ্রান্সের বিপজ্জনক আক্রমণ ভেস্তে দেন তিনি। তাঁর আত্মবিশ্বাসী গোলকিপিং ফরাসি ফরোয়ার্ডদের হতাশ করে তোলে।ম্যাচ যত এগিয়েছে, ততই ফ্রান্সের আত্মবিশ্বাসে ভাটা পড়েছে। শেষ পর্যন্ত এমবাপেরা লড়াই চালিয়ে গেলেও তাদের খেলায় সেই পরিচিত ধার দেখা যায়নি। অন্যদিকে, লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে নিজেদের আরও পরিণত ও শক্তিশালী হিসেবে তুলে ধরেছে।এখন স্পেনের সামনে আর মাত্র একটি বাধা। বিশ্বকাপের ফাইনালে জয় পেলেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করবে স্প্যানিশ আর্মাডা।

Latest