নিজস্ব সংবাদদাতা : বুধবার গভীর রাতে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির জঙ্গলে আচমকাই আগুন লেগে চাঞ্চল্য ছড়ায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ বনাঞ্চলে, আর লেলিহান শিখায় গ্রাস হতে থাকে বড় অংশের জঙ্গল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। সারা রাত ধরে চলে আগুন নেভানোর মরিয়া চেষ্টা। দীর্ঘ সময়ের চেষ্টার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে বলে আশঙ্কা।স্থানীয়দের মতে, এই সময়ে সাধারণত জঙ্গলে এত সহজে আগুন লাগার কথা নয়, কারণ এখনও শুকনো পাতার মৌসুম শুরু হয়নি। ফলে অনেকেরই অভিযোগ, মানুষের অসাবধানতা বা অবহেলার ফলেই এই অগ্নিকাণ্ড ঘটেছে।এ বিষয়ে বনদপ্তরের একাধিক আধিকারিকও জানিয়েছেন, এ ধরনের অসতর্কতার কারণে প্রায়ই জঙ্গলে আগুন লাগে এবং তার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে।