নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার রাধামোহনপুরের বিবেকানন্দ স্কুল মাঠে ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে জমে উঠল এক বর্ণাঢ্য প্রদর্শনী ম্যাচ ‘ফুটবল উৎসব-2026’। রাধামোহনপুর স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই ফুটবল উৎসবকে কেন্দ্র করে দিনভর ছিল উৎসাহ-উদ্দীপনা। ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও মাঠে ভিড় জমান কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক, যা গোটা অনুষ্ঠানকে এক অন্য মাত্রা দেয়। আয়োজিত এই প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল SB XI মেদিনীপুর এবং সুমনা স্পোর্টিং রাধামোহনপুর। উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ৩-১ গোলে জয় তুলে নেয় সুমনা স্পোর্টিং রাধামোহনপুর।

অনুষ্ঠানের সূচনায় প্রয়াত ক্রীড়া সংগঠক ও ফুটবল ব্যক্তিত্ব টুটু বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রাক্তন জাতীয় ফুটবলার তথা অনুষ্ঠানটির প্রধান অতিথি শিশির ঘোষ। উপস্থিত ছিলেন দেশের অন্যতম পরিচিত ফুটবল জাগলার বিপাশা বৈষ্ণব, ডেবরা বিধানসভার বিধায়ক শুভশীষ ওম এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আবির আগরওয়াল সহ অন্যান্য গুনীজনেরা। অতিথিরা ফুটবলের প্রসার, যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা এবং গ্রামীণ ক্রীড়া সংস্কৃতির উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

তবে এই আয়োজনের নেপথ্যে যাঁর অক্লান্ত পরিশ্রম ও ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে, তিনি হলেন এলাকার পরিচিত ফুটবল কোচ তপন স্যার। এলাকার মানুষ তাঁকে একবাক্যে ‘ফুটবল পাগল’ বলেই চেনেন। দীর্ঘদিন ধরে তিনি নতুন প্রজন্মকে মাঠমুখী করতে নিরলসভাবে কাজ করে চলেছেন। তাঁর উদ্যোগ ও পরিকল্পনাতেই এই প্রীতি ম্যাচকে কেন্দ্র করে রাধামোহনপুর এবং পার্শ্ববর্তী এলাকার অসংখ্য ফুটবলপ্রেমী একত্রিত হওয়ার সুযোগ পান। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দর্শকদের উচ্ছ্বাসে কোনও ভাটা পড়েনি। মাঠজুড়ে ছিল করতালি, উল্লাস এবং ফুটবলের প্রতি অগাধ ভালোবাসার প্রকাশ। স্থানীয়দের মতে, এমন আয়োজন শুধু খেলাধুলাকেই এগিয়ে নিয়ে যায় না, পাশাপাশি সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনও আরও দৃঢ় করে। আয়োজকদের আশা, আগামী দিনেও আরও বৃহত্তর পরিসরে ফুটবল প্রতিযোগিতা ও ক্রীড়া উৎসবের আয়োজন করা হবে। রাধামোহনপুরের এই ফুটবল উৎসব প্রমাণ করে দিল, গ্রামীণ বাংলায় ফুটবলের জনপ্রিয়তা আজও অটুট এবং নতুন প্রজন্মের মধ্যে সেই আবেগ ছড়িয়ে দিতে এগিয়ে আসছেন তপন স্যারের মতো ক্রীড়াপ্রেমী মানুষরা।
