Skip to content

এমবাপের ম্যাজিক, বার্কোলার বাজিমাত— জয় দিয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের!

ফ্রান্স: ৩ (এমবাপে ২, বার্কোলা)
সেনেগাল: ১ (ইব্রাহিম এমবায়ে)

নিজস্ব সংবাদদাতা : ২০০২-এর বদলা ২০২৬-এ! সেনেগালকে ৩-১ গোলে হারাল ফ্রান্স!ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অভিযান দুরন্ত জয় দিয়ে শুরু করল ফ্রান্স। সেনেগালকে ৩-১ গোলে পরাজিত করে তিন পয়েন্ট তুলে নিল দিদিয়ের দেশঁর দল। ম্যাচের নায়ক কিলিয়ান এমবাপে, জোড়া গোল করে তিনি গড়লেন নতুন রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে ফ্রান্সের হয়ে সর্বাধিক গোলদাতার আসনে উঠে এলেন এই তারকা ফরোয়ার্ড।বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফ্রান্স ও সেনেগালের লড়াই ফুটবলপ্রেমীদের মনে ফিরিয়ে এনেছিল ২০০২ সালের স্মৃতি। সেবার বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে চমক দিয়েছিল সেনেগাল। তবে এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে দিল না ফরাসিরা।

যদিও ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য ফলাফল দেখে মনে হচ্ছিল, সেনেগালই হয়তো বেশি আত্মবিশ্বাসী দল। আফ্রিকার প্রতিনিধিরা সংগঠিত ফুটবল খেলে ফ্রান্সকে যথেষ্ট চাপে রেখেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ফরাসি আক্রমণভাগ। ৮০ মিনিটে ওসমান দেম্বেলের পরিবর্তে মাঠে নামানো হয় ব্র্যাডলি বার্কোলাকে। মাঠে নামার মাত্র ১৯০ সেকেন্ডের মধ্যেই দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর অতিরিক্ত সময়ে আবারও জ্বলে ওঠেন এমবাপে। ৯৬ মিনিটে তাঁর দুর্দান্ত দূরপাল্লার শট বিদ্যুৎগতিতে জালে জড়িয়ে যায়। চলতি বিশ্বকাপের অন্যতম সেরা গোল হিসেবেই ইতিমধ্যে সেই গোলকে দেখা হচ্ছে।

এর আগে এমবাপের প্রথম গোল ফ্রান্সকে ম্যাচে নিয়ন্ত্রণ এনে দেয়। জোড়া গোলের সুবাদে তিনি শুধু বিশ্বকাপেই নয়, আন্তর্জাতিক ফুটবলেও ফ্রান্সের অন্যতম সেরা গোলস্কোরার হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করেন।ম্যাচের ৯৫ মিনিটে তরুণ ফুটবলার ইব্রাহিমের দুর্দান্ত শটে একটি গোল শোধ করে সেনেগাল। তাতে সাময়িকভাবে ম্যাচে ফেরার আশা জাগলেও মাত্র এক মিনিট পর এমবাপের জাদুকরী গোল সেই স্বপ্ন ভেঙে দেয়।

শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ফ্রান্স। আক্রমণভাগের সাফল্যে খুশি হলেও রক্ষণে গোল হজমের বিষয়টি কিছুটা ভাবাবে কোচ দিদিয়ের দেশঁকে। তবু জয়, তিন পয়েন্ট এবং আত্মবিশ্বাস— সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত সূচনা করল গতবারের রানার্স-আপরা।

Latest