যোগের বার্তায় দৌড় কলকাতার রাস্তায়, তিনদিনের কর্মসূচিতে ব্যাপক সাড়া!

যোগের বার্তায় দৌড় কলকাতার রাস্তায়, তিনদিনের কর্মসূচিতে ব্যাপক সাড়া!

নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ১৯শে জুন শুক্রবার থেকে কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল তিনদিনব্যাপী বিশেষ কর্মসূচি। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং যোগচর্চার গুরুত্ব তুলে ধরতে কলকাতার ১১টি স্থান-সহ রাজ্যের একাধিক জেলায় আয়োজন করা হয় ‘রান ফর যোগা’ ম্যারাথনের। কলকাতা পুরসভার সামনে আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী , মুখ্যসচিব, বিভিন্ন দপ্তরের মন্ত্রী, বিশিষ্ট টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং ক্রীড়াজগতের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান, অগ্নিমিত্রা পাল, তাপস রায়, শঙ্কর ঘোষ এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্ডা।

উৎসাহী অংশগ্রহণকারীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। ম্যারাথনের পাশাপাশি যোগাভ্যাস ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি এবং সুষম জীবনধারা গঠনে যোগের গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা যোগচর্চার ইতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন হন এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেন।

ম্যারাথন শেষে মহাকরণের সামনে আয়োজিত বিশেষ যোগাসন কর্মসূচিতেও অংশ নেন মুখ্যমন্ত্রীসহ বহু মানুষ। গণযোগাভ্যাসের মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবসের মূল বার্তা পৌঁছে দেওয়া হয় সাধারণ মানুষের কাছে।

এদিকে, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার বিকেল সাড়ে পাঁচটায় আয়োজন করা হয়েছে এক অভিনব কর্মসূচি—‘বন্দে যোগম’। গঙ্গার বুকে আধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি করা হবে এক অনন্য পরিবেশ। আয়োজকদের দাবি, এই অনুষ্ঠানে কলকাতার আকাশে একযোগে উড়বে প্রায় ৩ হাজার ড্রোন, যা দর্শকদের সামনে তুলে ধরবে যোগ, সংস্কৃতি ও বাংলার ঐতিহ্যের এক মনোমুগ্ধকর দৃশ্যপট।আয়োজকদের মতে, আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে এই তিনদিনের কর্মসূচি স্বাস্থ্য, সচেতনতা ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।