Skip to content

ফুটপাত থেকে প্ল্যাটফর্ম—হাওড়া-শিয়ালদহে উচ্ছেদ অভিযান ঘিরে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা : হাওড়া ও শিয়ালদহ স্টেশন চত্বরে বেআইনি দখলদার উচ্ছেদে কড়া পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ। শুক্রবার রাত থেকে শুরু হওয়া অভিযানে বুলডোজ়ার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক অস্থায়ী দোকান ও ঝুপড়ি। শনিবার এবং সোমবারও চলে একই অভিযান। সূত্রের খবর, এখনও পর্যন্ত দুই স্টেশন মিলিয়ে প্রায় ৫০০-র বেশি অবৈধ দোকান ও নির্মাণ সরানো হয়েছে।রেল সূত্রে দাবি, দীর্ঘদিন ধরেই স্টেশন চত্বরের ফুটপাথ ও যাতায়াতের রাস্তা হকারদের দখলে চলে গিয়েছিল। ফলে নিত্যযাত্রীদের চরম সমস্যায় পড়তে হচ্ছিল। অভিযানের পর এখন অনেকটাই ফাঁকা হয়েছে স্টেশন চত্বর। যাত্রীদের একাংশ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁদের বক্তব্য, ব্যস্ত সময়ে স্টেশনে হাঁটাচলা কার্যত অসম্ভব হয়ে উঠেছিল।তবে আচমকা উচ্ছেদ অভিযানে ক্ষোভ উগরে দিয়েছেন ব্যবসায়ীরা। অনেকের অভিযোগ, পর্যাপ্ত সময় না দিয়েই রাতের অন্ধকারে দোকান ভেঙে দেওয়া হয়েছে। দোকানের মালপত্র সরানোর সুযোগও পাননি তাঁরা। ফলে রাতারাতি রুজিরুটি হারিয়ে পথে বসার পরিস্থিতি তৈরি হয়েছে বহু পরিবারের।এদিকে, নতুন করে যাতে কেউ দখল নিতে না পারে, তার জন্য স্টেশন চত্বরে কড়া নজরদারি চালাচ্ছে আরপিএফ। অন্যদিকে হাওড়ার বিভিন্ন এলাকায় বেআইনি বহুতল নির্মাণের বিরুদ্ধেও অভিযান শুরু হয়েছে। শরৎ চ্যাটার্জি রোডের তালপুকুর এলাকায় অনুমোদনের বাইরে তৈরি হওয়া একটি বহুতলের অংশ ভেঙে দেয় পুরসভা।রেলের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ বলছেন, যাত্রী স্বার্থে এই পদক্ষেপ জরুরি ছিল। আবার অনেকের প্রশ্ন, উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা কি করা হবে?

Latest