অভিজিৎ সাহা : এনসিসি-তে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে কলকাতার রাজভবনে রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোসের হাত থেকে সম্মানজনক ‘গভর্নর মেডাল’ ও মানপত্র পেলেন ঘাটাল রবীন্দ্রশতবার্ষিকী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী পায়েল মণ্ডল। তাঁর এই সাফল্যে চন্দ্রকোণা-১ ব্লকের বেলাদণ্ড গ্রাম সহ গোটা এলাকায় খুশির আবহ তৈরি হয়েছে।

কলেজ সূত্রে জানা গিয়েছে, দিল্লির ডিজিএনসিসি ময়দানে অনুষ্ঠিত অল ইন্ডিয়া স্থল সৈনিক ক্যাম্পে ৪৫-বেঙ্গল ব্যাটেলিয়ন এনসিসির প্রতিনিধিত্ব করেন পায়েল। অবস্ট্যাকল গ্রুপ প্যারেডে তাঁর শৃঙ্খলা, দক্ষতা ও পারদর্শিতা বিচারকদের বিশেষভাবে মুগ্ধ করে।

সর্বভারতীয় স্তরে সেই সাফল্যের নিরিখেই তাঁকে এই মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত করা হয়েছে।ঘাটাল কলেজের অ্যাসোসিয়েট এনসিসি অফিসার লেফটেন্যান্ট কৌশিক প্রামাণিক জানান, পায়েলের এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, কলেজ ও জেলার গর্ব। তাঁর এই সাফল্যে পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে।

মহাবিদ্যালয় কর্তৃপক্ষের মতে, পায়েলের কৃতিত্ব আগামী দিনে আরও পড়ুয়াকে এনসিসি-তে যোগ দিয়ে বড় সাফল্যের স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।
